‘পদত্যাগপত্র দেওয়ার মুহূর্ত থেকে তাঁরা আর মন্ত্রী নন’
পদত্যাগ করতে হবে প্রধানমন্ত্রীকে: বিএনপি
প্রধানমন্ত্রীর কাছে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা পদত্যাগপত্র জমা দেওয়া প্রসঙ্গে বিএনপির নেতারা বলছেন, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পদত্যাগে কিছুই যায়-আসে না। চলমান রাজনৈতিক সংকট নিরসনে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
এদিকে বিএনপি-সমর্থক আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সংবাদ সম্মেলন করে দাবি করেছে, যে মুহূর্তে মন্ত্রীরা প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দাখিল করেছেন, সেই মুহূর্ত থেকে সংবিধান অনুযায়ী তাঁরা আর সরকারের মন্ত্রী নেই।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, শুধু মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পদত্যাগে কিছু আসে-যায় না, পদত্যাগ করতে হবে প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী পদত্যাগ করলে সবার পদত্যাগ হয়ে যায়। তিনি আরও বলেন, বিএনপি চায় জনগণের আকাঙ্ক্ষা পূরণে সরকার এগিয়ে আসুক। প্রধানমন্ত্রী পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিক। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণ প্রধানমন্ত্রীর পদত্যাগ দেখতে যায়। প্রধানমন্ত্রী পদত্যাগ করলে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের সুযোগ তৈরি হবে। সে ক্ষেত্রে সব দল নির্বাচনে অংশ নেবে।
আইনজীবী ফোরামের দাবি: এ বিষয়ে গতকাল সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সংবাদ সম্মেলন করে মত তুলে ধরে।
সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিরোধীদলীয় সাংসদ মাহবুব উদ্দিন খোকন বলেছেন, সংবাদমাধ্যমে এসেছে, সরকারের মন্ত্রীরা প্রধানন্ত্রীর কাছে তাঁদের পদত্যাগপত্র দাখিল করেছেন। যে মুহূর্তে তাঁরা প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দাখিল করেছেন, সেই মুহূর্ত থেকে সংবিধান অনুযায়ী সরকারের মন্ত্রী নেই তাঁরা। তিনি আরও বলেন, সংবিধানের ৫৮(১) অনুচ্ছেদ অনুসারে প্রধানমন্ত্রী ব্যতীত অন্য কোনো মন্ত্রীর পদ শূন্য হবে, যদি (ক) তিনি রাষ্ট্রপতির কাছে পেশ করার জন্য প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দেন। অর্থাৎ, প্রধানমন্ত্রী এখানে মাধ্যম।
মাহবুব উদ্দিন আরও বলেন, রাষ্ট্রপতিকে উদ্দেশ করেই এ পদত্যাগপত্র দেওয়া হয়েছে। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীকে পদত্যাগপত্র ধরে রাখার কোনো ক্ষমতা দেওয়া হয়নি। ফলে, যে মুহূর্তে মন্ত্রীরা প্রধানমন্ত্রীর নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন, সেই মুহূর্ত থেকে তাঁরা সরকারের সব নির্বাহী ক্ষমতা থেকে নিজেদের সরিয়ে রাখবেন। তাঁদের অফিসে বসা, কেনো নির্বাহী কর্মকাণ্ড করা, সরকার পরিচালনা করা এবং মন্ত্রীর সুবিধা প্রদান সম্পূর্ণ অসাংবিধানিক ও বেআইনি হবে।
সংবাদ সম্মেলন থেকে মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, আবদুল আউয়াল মিন্টু, শিমুল বিশ্বাসসহ সব রাজনৈতিক নেতা-কর্মীর মুক্তির দাবি জানানো হয়।