পদত্যাগ করলেন বিমানের এমডি কেভিন স্টিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদ থেকে কেভিন জন স্টিল পদত্যাগ করেছেন। গতকাল রোববার যুক্তরাষ্ট্র থেকে বিমানের চতুর্থ বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ নিয়ে ঢাকায় ফেরার পরপরই তাঁর পদত্যাগের এ খবর বের হয়।
কেভিন স্টিল গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, তিনি স্বাস্থ্যগত কারণে বিমানের পরিচালনা পর্ষদের ‘চাপ’ নিতে পারছিলেন না, এ কারণে পদত্যাগ করেছেন। তবে কবে থেকে তিনি আর দায়িত্বে থাকছেন না, তা বিস্তারিত জানাননি।
দায়িত্বশীল অপর একটি সূত্র জানায়, আগামী ১৭ এপ্রিল হবে বিমানে কেভিন স্টিলের শেষ কর্মদিবস।
আর বিমানের পরিচালক (প্রশাসন) রাজপতি সরকার প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত কেভিন স্টিল বিমানের এমডি আছেন। পদত্যাগ-সংক্রান্ত কোনো তথ্য প্রশাসন শাখায় নেই।
যুক্তরাজ্যের নাগরিক ও ব্রিটিশ এয়ারওয়েজের সাবেক কর্মকর্তা কেভিন স্টিল গত বছরের ১৮ মার্চ বাংলাদেশ বিমানে যোগ দেন। এরপর তিনি দুই বছরের মধ্যে বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার ঘোষণা দেন। কিন্তু এক বছরের মাথায় কেন তিনি পদত্যাগ করলেন—এ বিষয়ে কেভিন স্টিলের ঘনিষ্ঠ বিমানের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা বলেন, কেভিন স্টিল যক্ষ্মা রোগে আক্রান্ত। তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যা (স্ট্রোক) রয়েছে। এ কারণে তিনি বিমানের পরিচালনা পর্ষদের এক সভায় হঠাৎ সংজ্ঞাহীন হয়ে পড়েন। তাঁর বয়স এখন ৬৪ বছর। চিকিৎসক তাঁকে বিশ্রামে থাকতে বলেছেন। পরিবারেরও চাপ রয়েছে।
কেভিনের ঘনিষ্ঠ ওই কর্মকর্তারা জানান, যক্ষ্মা ধরা পড়ার পর কেভিন গত জানুয়ারিতে পদত্যাগপত্র জমা দেন। গত সপ্তাহে বিমানের পরিচালনা পর্ষদের সভায় তা গৃহীত হয়। তবে পর্ষদের অনুরোধে তিনি তিন মাস দায়িত্বে থাকতে রজি হন। ১৭ এপ্রিল তিনি দায়িত্ব বুঝিয়ে দেবেন।
অবশ্য বিমানের ভেতরে প্রচার রয়েছে যে কেভিন স্টিলের বিরুদ্ধে একটি গোয়েন্দা সংস্থা সরকারের কাছে প্রতিবেদন দেওয়ায় তিনি পদত্যাগ করেছেন।
জানতে চাইলে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সচিব ও বিমানের পরিচালনা পর্ষদের সদস্য খোরশেদ আলম গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, বিমানের এমডির পদত্যাগের বিষয়ে তিনি অবগত নন। তিনি এক দিন আগে বিদেশ থেকে ফিরেছেন। তিনি জানান, আগামীকাল মঙ্গলবার পরিচালনা পর্ষদের বৈঠক রয়েছে। তখন বিষয়টি জানতে পারবেন।
‘রাঙা প্রভাত’ ঢাকায়: যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা কোম্পানি বোয়িং থেকে কেনা আরেকটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হয়েছে। এটি আনার জন্য বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, বিমানের চেয়ারম্যান জামালউদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক কেভিন স্টিলসহ অন্যান্য কর্মকর্তা যুক্তরাষ্ট্রের সিয়াটলে যান। তাঁরা উড়োজাহাজটি নিয়ে গতকাল বেলা দুইটা ১০ মিনিটে ঢাকায় এসে পৌঁছান। বিমান কর্তৃপক্ষ নতুন প্রজন্মের এই উড়োজাহাজটির নাম দিয়েছে ‘রাঙ্গা প্রভাত’।
এ নিয়ে বিমানবহরের বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজের সংখ্যা দাঁড়াল চারটি। আগামী বছরের শেষের দিকে বিমানের বহরে যুক্ত হবে আরও দুটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ।