পদত্যাগ করলেন বিমানের ডিএফও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ফ্লাইট পরিচালন শাখার পরিচালক (ডিএফও) ক্যাপ্টেন তোফায়েল আহমেদ গতকাল রোববার পদত্যাগ করেছেন।
বিমান সূত্র জানায়, অদক্ষতা ও নিন্মমানের ফ্লাইট পরিচালনার জন্য আগের দিন শনিবার বিমানের পরিচালনা পর্ষদের সভায় ব্যাপক প্রশ্নের মুখে পড়েছিলেন ক্যাপ্টেন তোফায়েল। এর পরিপ্রেক্ষিতে তিনি গতকাল পদত্যাগপত্র জমা দেন।
তবে এ ব্যাপারে বিমানের দায়িত্বশীল কর্মকর্তাদের কেউ উদ্ধৃত হয়ে কিছু বলতে রাজি হননি। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এই বিষয়ে আজ সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
বিমানের ফ্লাইট পরিচালন শাখার একাধিক সূত্র জানায়, অদক্ষ ও অযোগ্যতার অভিযোগ এনে ক্যাপ্টেন তোফায়েলের পাইলট লাইসেন্স বাতিলের সুপারিশ করেছিল বাংলাদেশ বেসামরিক বিমান পরিববহন কর্তৃপক্ষের নিযুক্ত বিদেশি প্রশিক্ষক ক্যাপ্টেন মারিও ডি বরোডা। তিনি ক্যাপ্টেন তোফায়েলকে প্রধানমন্ত্রীর ফ্লাইটসহ সব ধরনের ভিভিআইপি ফ্লাইট থেকে দূরে রাখারও সুপারিশ করেছিলেন।
মারিও ডি বরোডা এক ই-মেইল বার্তায় জানান, বিমানের ফ্লাইট পরিচালন শাখার পরিচালক (ডিএফও) ক্যাপ্টেন তোফায়েলের ফ্লাইট পরিচালনা মারাত্মক ঝুঁকিপূর্ণ। ২০১৩ সালে লন্ডনে অনুষ্ঠিত এক প্রশিক্ষণে তোফায়েল অকৃতকার্য হন।