পদত্যাগ করলেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মীর ইকবাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মীর ইকবাল হোসেন পদত্যাগ করেছেন। গতকাল রোববার রাষ্ট্রপক্ষ তাঁর পদত্যাগপত্র পেয়েছে।
এ নিয়ে দুই দিনের ব্যবধানে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয়ের আরেকজন সদস্য কমল। এর আগে ছুটি নিয়ে বিদেশ থেকে সময়মতো ফিরে কাজে যোগ না দেওয়ায় গত বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এ কে এম সাইফুল ইসলামকে অপসারণ করে আইন মন্ত্রণালয়। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন। গত ৩ এপ্রিল দুই সপ্তাহের ছুটি নিয়ে তিনি যুক্তরাষ্ট্রে যান।
জানতে চাইলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হৃষিকেশ সাহা গতকাল বলেন, ‘গত ১ মে থেকে মীর ইকবাল এক মাসের ছুটিতে ছিলেন। ৩১ মে তাঁর ছুটি শেষ হলেও তিনি কাজে যোগ দেননি। বগুড়া থেকে পাঠানো তাঁর পদত্যাগপত্র আজ (গতকাল) আমরা পেয়েছি। স্বাস্থ্যগত কারণে তিনি পদত্যাগ করছেন বলে চিঠিতে উল্লেখ করেছেন।’
রাষ্ট্রপক্ষের একাধিক সূত্র জানায়, মীর ইকবাল হোসেন গত এপ্রিলেই পদত্যাগ করতে চেয়েছিলেন। কিন্তু কয়েকজন সহকর্মীর পরামর্শে তিনি পদত্যাগ না করে ছুটিতে যান।
এ বিষয়ে জানতে চাইলে মীর ইকবাল গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেছিলেন, ‘আমি চোখের সমস্যার জন্য গত মে মাস থেকে ছুটিতে আছি, প্রতি মাসে ছুটি এক্সটেন্ড (বাড়ানো) করছি।’ চাকরি ছেড়ে দিতে চান কি না, এ প্রশ্নে তিনি বলেছিলেন, ‘চিকিৎসার জন্য বিদেশে যাব। যদি চোখ ঠিক হয়, তবে আবার কাজে যোগ দেব।’ তাঁর এ বক্তব্য-সংবলিত প্রতিবেদন শুক্রবার প্রথম আলোতে ছাপা হয়।
গতকাল মীর ইকবালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি মুঠোফোন ধরেননি।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হিসেবে মীর ইকবাল হোসেন একাত্তরে মানবতাবিরোধী অপরাধের কোনো মামলাই পুরো পরিচালনা করেননি। ২০১২ সালের ২৯ এপ্রিল তাঁকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হিসেবে নিয়োগ দিয়েছিল মন্ত্রণালয়।
মীর ইকবালের পদত্যাগের পর রাষ্ট্রপক্ষের কৌঁসুলির সংখ্যা দাঁড়াল ২০ জনে। তাঁদের মধ্যে অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার তিনজন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার ১০ জন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার সাতজন কৌঁসুলি রয়েছেন।