পদত্যাগ করা সেই শিক্ষকেরা স্বপদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৭টি প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করা সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষকেরা পদত্যাগপত্র প্রত্যাহার না করেই স্বপদে দায়িত্ব পালন করছেন। গতকাল রোববার থেকে ওই শিক্ষকেরা আবার দায়িত্ব পালন শুরু করেছেন।
প্রশাসন ও শিক্ষকদের সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ৩৭টি প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করা ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ নামে আওয়ামী-বামপন্থী শিক্ষকদের একটি অংশের সেই শিক্ষকেরা গতকাল থেকে স্বপদে দায়িত্ব পালন শুরু করেছেন। তবে তাঁরা ২০ এপ্রিল বিভিন্ন প্রশাসনিক পদ থেকে দেওয়া পদত্যাগপত্র প্রত্যাহার করেননি। বিষয়টি নিয়ে ক্যাম্পাসে শিক্ষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’-এর যুগ্ম আহ্বায়ক অধ্যাপক নাজিয়া চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস গত শুক্রবার তাঁদের সঙ্গে বৈঠক করে বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতার স্বার্থে স্বপদে দায়িত্ব পালনের অনুরোধ করেছেন।
পদত্যাগপত্র প্রত্যাহার না করেই দায়িত্ব পালনের বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত উপাচার্য মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘পদত্যাগপত্রের ব্যাপারে কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত না নেওয়ায় বিশ্ববিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমার অনুরোধের কারণে তাঁরা স্বপদে দায়িত্ব পালন শুরু করেছেন। তবে তাঁরা পদত্যাগপত্র প্রত্যাহার করেননি।’
প্রসঙ্গত, ১২ এপ্রিল পদার্থবিজ্ঞান এবং ভূগোল ও পরিবেশ বিভাগের কয়েকজন শিক্ষক সাক্ষাতের অনুমতি না নিয়েই উপাচার্যের সঙ্গে দেখা করতে যান। এ সময় উপাচার্যের স্ত্রীর অসুস্থতার খবর এলে তিনি তাঁদের বেশি সময় দিতে চাননি। এতে ক্ষুব্ধ হয়ে কয়েকজন শিক্ষক উপাচার্যের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। তখন উপাচার্য সবাইকে সংযত আচরণ করতে বলেন। এ ঘটনার জের ধরেই ওই পক্ষের শিক্ষকেরা পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।