পদত্যাগ করে মনোনয়নপত্র নিলেন মন্জুর আলম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদত্যাগপত্র জমা দেওয়ার আধা ঘণ্টার মধ্যে মেয়র পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চট্টগ্রামে বিএনপি-সমর্থিত প্রার্থী মোহাম্মদ মন্জুর আলম। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটায় আন্দরকিল্লায় নগর ভবনে গিয়ে মেয়রের পদ থেকে পদত্যাগ করেন তিনি।
মনোনয়নপত্র সংগ্রহের সময় মন্জুর আলমের সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। ৫ জানুয়ারির সংসদ নির্বাচনকে ইঙ্গিত করে সাংবাদিকদের তিনি বলেন, ‘নিজের পছন্দমতো ভোট দিতে না পারায় মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। তাঁরা সরকারের বিরুদ্ধে ভোট দিতে চান। আমাদের আশা, মানুষ সিটি নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবে। সরকার-সমর্থিত প্রার্থীকে পরাজিত করে মন্জুরকে জিতিয়ে আনবে।’
চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মন্জুর আলমকে গত বৃহস্পতিবার স্থানীয় বিএনপি আনুষ্ঠানিক সমর্থন দেয়। তিনি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টার দায়িত্বও পালন করছেন।
গতকাল বেলা তিনটায় হজরত শাহ আমানত (র.) মাজার জিয়ারত করেন মন্জুর আলম। এরপর সোয়া তিনটায় নগর ভবনের কে বি আবদুচ ছাত্তার মিলনায়তনে যান। সেখানে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মো. শফিউল আলমের কাছে পদত্যাগপত্র জমা দেন মন্জুর আলম। এরপর ১ নম্বর প্যানেল মেয়র মোহাম্মদ হোসেনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। নির্বাচনের আগ পর্যন্ত মোহাম্মদ হোসেন ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন।
পদত্যাগ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের সচিব আবদুর রশিদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন, কাউন্সিলর নিয়াজ মো. খান, রেখা আলম চৌধুরী প্রমুখ।
স্থানীয় সরকার আইন অনুযায়ী, মেয়র পদে নির্বাচন করতে হলে পদত্যাগ করে মনোনয়নপত্র সংগ্রহ করতে হয়।
পদত্যাগ করার আগে মিলনায়তনে দেওয়া বক্তব্যে মেয়র হিসেবে দায়িত্ব পালনের সময় সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্জুর আলম। তিনি বলেন, গত ৫৭ মাসে চট্টগ্রামে ৯০০ কোটি টাকার উন্নয়নকাজ হয়েছে। এর আগের ২০ বছরে উন্নয়ন হয়েছিল দেড় হাজার কোটি টাকার।
পদত্যাগ ও দায়িত্ব হস্তান্তর শেষে লাভলেইনে আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে যান মন্জুর। সেখানে রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের সদস্যসচিব এস ইউ এম নুরুল ইসলামসহ দলের নেতা-কর্মীরা তাঁর সঙ্গে ছিলেন।