সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সংবাদ সম্মেলন
পদত্যাগ করে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর প্রয়োজন
পদত্যাগ করে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর প্রয়োজন বলে মনে করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ‘এই সরকারের অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার আশঙ্কায় তারা বেসামাল হয়ে পড়েছে। তাই পদত্যাগ করে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর প্রয়োজন বলে মনে করি। আর এর জন্য দেশবাসীর আকাঙ্ক্ষা অনুযায়ী একটি সুষ্ঠু নির্বাচনই একমাত্র পথ।’
সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে। কার কাছে ক্ষমতা হস্তান্তর করবে এমন প্রশ্নের জবাবে খন্দকার মাহবুব বলেন, সে জন্যই তো সংলাপের কথা বলা হচ্ছে। কাকে হস্তান্তর করবে, পদত্যাগ করার পর—সেটা তো সংলাপের মাধ্যমেই ব্যবস্থা গ্রহণ করা হবে। আর যদি না করে তাহলে কি হবে সেটাও চিন্তা করতে হবে। তাহলে কি তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে এসেছেন—এমন প্রশ্নে খন্দকার মাহবুব বলেন, ‘আমরা মনে করি নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন করা উচিত। সেই নির্বাচন বিরোধী দল, সব রাজনৈতিক দল ও সরকারপক্ষ মিলিতভাবে একটা পন্থা বের করবে।...আমরা সরকারকে বলছি যে এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ একটি অংশগ্রহণমূলক নির্বাচন। এ ছাড়া আর কোনো বিকল্প নেই।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মাহবুব আরও বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ও ২০ দলের নেত্রী খালেদা জিয়ার বাসভবনে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা রাজনৈতিক প্রতিহিংসার একটি ন্যক্কারজনক ঘটনা বলে আমরা মনে করি। এই ঘটনাকে আমরা খালেদা জিয়ার নিরাপত্তার প্রতি চরম হুমকি বলে মনে করি। খালেদা জিয়ার নিরাপত্তার যেকোনো হুমকি দেশবাসী রুখে দাঁড়াবে। সরকারকে এর জন্য চরম মূল্য দিতে হবে।’ সভাপতির ভাষ্য, ‘আমরা মনে করি, বর্তমান সরকার জনগণের জানমাল রক্ষার ব্যাপারে পুরোপুরি ব্যর্থ হয়ে অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।’
এ সময় সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, সহসভাপতি রফিকুল ইসলাম ও সহসম্পাদক নাসরিন আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।