কুমিল্লা মেডিকেল কলেজ ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটির তিন সদস্যই পদত্যাগ করেছেন। ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে চলতি মাসের প্রথম সপ্তাহে তাঁরা দায়িত্ব থেকে সরে দাঁড়ান। তবে একাধিক সূত্র জানিয়েছে, স্বাধীনতা চিকিত্সক পরিষদের (স্বাচিপ) কুমিল্লা শাখার এক নেতার চাপে তদন্ত কমিটির সবাই পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।কলেজের ছাত্রাবাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৩ ফেব্রুয়ারি রাতে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ১০ জন আহত হন। ঘটনার পরদিন ৪ ফেব্রুয়ারি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কলেজের সার্জারি বিভাগের প্রধান ফারুক আহমদকে সভাপতি এবং নাক, কান ও গলা বিভাগের প্রধান মো. কলিম উল্লাহ ও নিউরোমেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক মো. নাজমুল হাসান চৌধুরীকে সদস্য করা হয়। তদন্ত শেষ না করেই ৬ মার্চ কমিটির সদস্য কলিম উল্লাহ এবং ৮ মার্চ সভাপতি ফারুক আহমদ ও আরেক সদস্য নাজমুল হাসান পদত্যাগ করেন। এখনো পর্যন্ত নতুন কমিটি হয়নি। এই অবস্থায় বন্ধ হয়ে আছে তদন্তকাজ।জানা গেছে, ১৫ ফেব্রুয়ারি তদন্ত কমিটির সভাপতি ফারুক আহমদের দপ্তরে ডাকা হয়েছিল ছাত্রলীগের ১৩ নেতা-কর্মীকে। এতে স্বাচিপ জেলা কমিটির অনুসারী ও বিদ্রোহী উভয় পক্ষের নেতা-কর্মীরা ছিলেন।বিভিন্ন সূত্রে জানা গেছে, স্বাচিপ কুমিল্লা শাখা ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) এক নেতার চাপেই তদন্ত কমিটির সবাই দায়িত্ব থেকে সরে যেতে বাধ্য হয়েছেন। তদন্তে ওই নেতার পক্ষের ছাত্রলীগের নেতা-কর্মীরা ফেঁসে যেতে পারেন, এই আশঙ্কায় তিনি কমিটির সদস্যদের পদত্যাগে বাধ্য করেছেন। নাম প্রকাশ না করার শর্তে কলেজের কয়েকজন শিক্ষক জানিয়েছেন, স্বাচিপ ও বিএমএর ওই নেতা অনেক প্রভাবশালী। বদলির ভয়ে তদন্ত কমিটির সদস্যরা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।তবে এ বিষয়ে জানতে চাইলে তদন্ত কমিটির সভাপতি ফারুক আহমদ বলেন, ‘ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে আমরা পদত্যাগ করেছি।’ কারও হুমকি কিংবা চাপে পদত্যাগ করেছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এর বেশি কিছু আপনাকে এখন বলতে পারব না।’ এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মো. আতাউর রহমান বলেন, ‘তদন্ত কমিটির সব সদস্য ব্যক্তিগত কারণ দেখিয়ে আমার কাছে অব্যাহতি চেয়েছেন।’