পদত্যাগ দাবি করে আরও তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না। তাঁরা হলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
নোটিশে সংবিধান লঙ্ঘনের দায়ে ১৫ নভেম্বরের মধ্যে তাঁদের পদত্যাগ দাবি করা হয়েছে। অন্যথায় মামলা করা হবে বলে জানানো হয়েছে। গতকাল রোববার মন্ত্রী-প্রতিমন্ত্রীর সচিবালয়ের ঠিকানায় এ নোটিশ পাঠানো হয়। জেড আই খান পান্নার পক্ষে সংবিধান বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক এ নোটিশ পাঠান।
এর আগে গত বৃহস্পতিবার পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদকে একই ধরনের আইনি নোটিশ পাঠানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে শাহদীন মালিক প্রথম আলোকে বলেন, মন্ত্রী-প্রতিমন্ত্রী থাকা অবস্থায় লাভজনক কোম্পানির পরিচালনা ও ব্যবস্থাপনার সঙ্গে জড়িত থাকার কোনো বিধান নেই। কিন্তু যাঁদের নোটিশ দেওয়া হয়েছে, তাঁরা বিভিন্ন লাভজনক কোম্পানির পরিচালক পদে রয়েছেন, যা সংবিধানের ১৪৭ অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। এর ফলে তাঁরা মন্ত্রী-প্রতিমন্ত্রী থাকার অযোগ্য হয়ে পড়েছেন।
গত ৩১ অক্টোবর প্রথম আলোতে ‘মন্ত্রী হয়েও তাঁরা কোম্পানির পরিচালক’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তাতে উল্লিখিত চার মন্ত্রী-প্রতিমন্ত্রীর বিভিন্ন লাভজনক কোম্পানি পরিচালনার সঙ্গে যুক্ত থাকার বিষয়টি তুলে ধরা হয়েছিল। নোটিশে প্রথম আলোর ওই প্রতিবেদনের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।