পদত্যাগ দাবি করে পানিসম্পদমন্ত্রীকে আইনি নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদকে আইনি নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না। তাতে সংবিধান লঙ্ঘনের দায়ে ১৫ নভেম্বরের মধ্যে মন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছে। অন্যথায় হাইকোর্টে মামলা দায়ের করা হবে বলে নোটিশে জানানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে জেড আই খানের পক্ষে সংবিধান বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক এ নোটিশ পাঠান। পানিসম্পদমন্ত্রীর সচিবালয়ের ঠিকানায় এ নোটিশ পাঠানো হয়েছে।
সে সঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ও যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয়েও অনুলিপি দেওয়া হয়।
জানতে চাইলে শাহদীন মালিক প্রথম আলোকে বলেন, মন্ত্রী থাকা অবস্থায় লাভজনক দুটি কোম্পানির পরিচালনার সঙ্গে আনিসুল ইসলাম মাহমুদ জড়িত রয়েছেন, যা সংবিধানের ১৪৭ অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। এর ফলে তিনি মন্ত্রী থাকার অযোগ্য হয়ে পড়েছেন। এ কারণে ১৫ নভেম্বরের মধ্যে তাঁর পদত্যাগ দাবি করে আইনি নোটিশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, আরও তিনজন মন্ত্রী-প্রতিমন্ত্রীকে একই ধরনের আইনি নোটিশ পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
নোটিশে বলা হয়েছে, মন্ত্রী হওয়ার পরও আনিসুল ইসলাম মাহমুদ শাশা ডেনিমসের পরিচালক ও এনার্জিস পাওয়ার করপোরেশনের চেয়ারম্যান পদে রয়েছেন।
‘মন্ত্রী হয়েও তাঁরা কোম্পানির পরিচালক’ শিরোনামে গত ৩১ অক্টোবর প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তাতে আনিসুল ইসলাম মাহমুদসহ চার মন্ত্রী-প্রতিমন্ত্রীর কোম্পানি পরিচালনার সঙ্গে যুক্ত থাকার বিষয়টি উঠে আসে।