হবিগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটি থেকে পদত্যাগকারী ৩৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। পাশাপাশি আগামী সাত দিনের মধ্যে তাঁদের পদত্যাগপত্র প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পদত্যাগকারী নেতারা নোটিশ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।জেলা বিএনপি সূত্র জানায়, বিএনপির কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর পক্ষে কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত সতর্কীকরণ নোটিশ পদত্যাগকারী ৩৫ নেতার কাছে পৃথকভাবে পাঠানো হয়েছে। এর অনুলিপি জেলা বিএনপির সভাপতি এস এম ফয়সল ও সাধারণ সম্পাদক জি কে গউছের কাছেও পাঠানো হয়।নোটিশে বলা হয়, ‘গত ২৬ এপ্রিল বিএনপির চেয়ারপারসনের পরামর্শে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হবিগঞ্জ জেলা কমিটি অনুমোদন করেন। ওই কমিটিতে আপনারা অন্তর্ভুক্ত রয়েছেন। কিন্তু আপনারা তা আমলে না নিয়ে পদত্যাগ করেছেন এবং সংবাদপত্রে এ খবর প্রকাশিত হয়েছে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।’নোটিশে আগামী সাত দিনের মধ্যে নিজ নিজ পদত্যাগপত্র প্রত্যাহার করে বিএনপির কেন্দ্রীয় দপ্তরকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়। অন্যথায় দলের গঠনতন্ত্রের সংশ্লিষ্ট ধারা অনুসারে তাঁদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত করা হবে।জেলা কমিটি থেকে পদত্যাগকারী সহসভাপতি মঞ্জুর উদ্দিন যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম ও কোষাধ্যক্ষ এনামুল হক জানান, গত বুধবার তাঁরা কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন। তাঁরা নিয়ম অনুসারে এর জবাব কেন্দ্রে পাঠাবেন।গত ২৬ এপ্রিল হবিগঞ্জ বিএনপির নতুন কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় বিএনপি। এরপর অসন্তোষ প্রকাশ করে গত ৩০ এপ্রিল ২৫ জন এবং ২ মে ১০ জনসহ মোট ৩৫ জন সদস্য নতুন কমিটি থেকে পদত্যাগ করেন।