পদত্যাগপত্র ও কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত দুই বিভাগের শিক্ষকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের পদত্যাগপত্র জমা দেওয়া ২৫ জন শিক্ষক তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল বুধবার বিকেলে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান দুই বিভাগের শিক্ষকেরা।
গত বৃহস্পতিবার সিন্ডিকেটের জরুরি সভায় বঙ্গবন্ধু হলসংলগ্ন নবনির্মিত ভবনের তৃতীয় তলা পরিবেশবিজ্ঞান বিভাগকে বরাদ্দ দেওয়া হয়। এর প্রতিবাদ করে ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের কর্মরত ১০ জন ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মরত ১৫ জন শিক্ষক পদত্যাগপত্র জমা দেন। এরপর চলমান অচলাবস্থা নিরসনে গতকাল শিক্ষক সমিতি ও ডিন সমিতির হস্তক্ষেপের পর দুই বিভাগের শিক্ষকেরা প্রত্যাহারের এই সিদ্ধান্ত নেন। একই সঙ্গে গতকাল শিক্ষার্থীদের অনশন কর্মসূচিও প্রত্যাহার করা হয়েছে।
ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. জুল্লে জালালুর রহমান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি মোহাম্মদ শরীফ উদ্দিন পদত্যাগপত্র ও অনশন প্রত্যাহারের সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করেছেন। তাঁরা জানান, অচলাবস্থা নিরসনের আগে পর্যন্ত কোনো বিভাগ ভবনের তৃতীয় ও চতুর্থ তলা ব্যবহার করতে পারবে না বলে সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে দ্রুত অচলাবস্থা নিরসনের দাবি জানানো হয়েছে দুই বিভাগের পক্ষ থেকে। এ ছাড়া পদত্যাগপত্র প্রত্যাহারের বিষয়ে আজ বৃহস্পতিবার প্রশাসনকে লিখিতভাবে জানানো হবে জানিয়েছেন বিভাগের শিক্ষকেরা।
শ্রেণিকক্ষসহ অন্যান্য সংকট নিরসনে গত পাঁচ এপ্রিল এক প্রশাসনিক আদেশের মাধ্যমে বঙ্গবন্ধু হলসংলগ্ন নবনির্মিত ভবনের তৃতীয় তলা পরিবেশবিজ্ঞান বিভাগকে বরাদ্দ দেওয়া হয়। এর ফলে তাঁদের জায়গার সংকট হবে এমন দাবি করে নতুন ভবনে উঠতে বাধা দেয় ভবনে আগে থেকে ওঠা ভূতাত্ত্বিক বিজ্ঞান এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। এর পর থেকে সংশ্লিষ্ট তিন বিভাগে অচলাবস্থা বিরাজ করছে।