পদত্যাগপত্র জমা দিয়েছেন উপাচার্য আনোয়ার হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ার হোসেন গতকাল সোমবার পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাঁর ব্যক্তিগত সচিবের মাধ্যমে পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।
উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের ধর্মঘটে প্রশাসনিক ভবন গতকালও অবরোধ করে রাখা হয়েছিল। তবে ক্লাস-পরীক্ষা হয়েছে।
ঐক্য ফোরামের সমন্বয়ক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন মো. আমির হোসেন বলেন, ‘উপাচার্যের পদত্যাগের প্রক্রিয়া শেষ হলে আমরা জরুরি সভা ডেকে আন্দোলন প্রত্যাহার করব।’
গণমাধ্যমে শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কে ‘অনাকাঙ্ক্ষিত’ বক্তব্য দেওয়াসহ বিভিন্ন অভিযোগে উপাচার্য আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে শিক্ষকদের একটি অংশ প্রায় নয় মাস ধরে আন্দোলন করে আসছে। এই পরিস্থিতিতে গত রোববার তিনি পদত্যাগের ঘোষণা দেন। আনোয়ার হোসেন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘আমি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। সম্ভবত কাল-পরশু রাষ্ট্রপতি সৌজন্য সাক্ষাতের জন্য আমাকে ডাকবেন।’
পদত্যাগপত্র জমা দেওয়ার পর বিকেল সাড়ে চারটার দিকে আনোয়ার হোসেনের স্ত্রী উপাচার্যের বাসভবন থেকে তাঁদের জিনিসপত্র সরিয়ে নিতে ক্যাম্পাসে আসেন। কিন্তু আন্দোলনকারী শিক্ষকেরা উপাচার্যের বাসভবনের তালা খুলে দিতে অস্বীকৃতি জানান।