চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় গত সোমবার হাসাদহ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগত সন্ত্রাসীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, বিদ্যালয়ের এক শিক্ষককে নির্যাতন, তাঁর কাছ থেকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর আদায়ের চেষ্টা ও আরও দুই শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।দায়ী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মিছিল ও সমাবেশে করে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিরুল আলম এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ফিরে যায়। ঘটনায় জড়িত অভিযোগে আলী মোর্তজা ওরফে ঠান্ডু (২৮) নামে একজনকে আটক করেছে র্যাব।প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে একদল সন্ত্রাসী লাঠিসোঁটা নিয়ে বিদ্যালয়ে ঢুকে সদ্য-নিয়োগপ্রাপ্ত শরীরচর্চা শিক্ষক জিয়াউর রহমানকে খুঁজতে থাকে। জিয়াউর রহমানের অভিযোগ, ছাত্রলীগের ক্যাডার হাসাদহের বাবু (২৫), দবির (২২), আবু বকর (২০) ও বৈদ্যনাথপুরের জাহাঙ্গীর (২০), এনামুল হক ওরফে মধু (২৪), শফি মল্লিক (২২) ও আলী মোর্তজা ওরফে ঠান্ডু (২৮) পরিত্যক্ত একটি কক্ষে আটকে রেখে জোরপূর্বক তাঁর কাছ থেকে ‘স্বেচ্ছায় পদত্যাগ করছি’ লেখা একটি কাগজে স্বাক্ষর নেওয়ার চেষ্টা চালান। টের পেয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা দরজা ভেঙে অবরুদ্ধ শিক্ষককে উদ্ধার করে। সন্ত্রাসীদের হাতে এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান ও সহকারী শিক্ষক আবুল কাশেম লাঞ্ছিত হন। এর পর বহিরাগতদের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া চলে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান বলেন, হামলাকারীরা বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমানের পালিত। অভিযোগ অস্বীকার করে আবদুর রহমান বলেন, প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদের হাতে লাঠিসোঁটা তুলে দিয়ে কেন আন্দোলনে নামালেন তা তাঁর বোধগম্য হচ্ছে না। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিরুল আলম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা চলছে।