চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়
পদত্যাগী শিক্ষককে ফিরিয়ে আনার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ভিসি অবরুদ্ধ
পদত্যাগী শিক্ষককে ফিরিয়ে আনার দাবিতে চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের দামপাড়া ক্যাম্পাসের শিক্ষার্থীরা গতকাল রোববার দিনভর বিক্ষোভ করেছেন। দেড় সহস্রাধিক শিক্ষার্থী সমাবেশ, অবস্থান ধর্মঘটের পাশাপাশি উপাচার্যকে অবরুদ্ধ করে রাখেন। বিশ্ববিদ্যালয়টি চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালনা করছে।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিবিএ অনুষদের ডিন অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্যের পদত্যাগকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহযোগিতার কারণে তিনি পদত্যাগ করেছেন। বিক্ষোভের একপর্যায়ে বেলা দুইটার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেনকে ক্যাম্পাস থেকে বের হতে বাধা দিলে তিনি অনুষদের একটি কক্ষে অবস্থান নেন। শিক্ষার্থীরা ব্যবসায় অনুষদ ভবনের নিচে করপোরেশনের সিএনজি স্টেশনও বন্ধ করে দেয়। এ সময় ক্যাম্পাসের বাইরে বিপুলসংখ্যক পুলিশ, আর্মড পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়।শিক্ষার্থীদের দাবির মুখে বিকেল সাড়ে চারটার দিকে প্রশাসন পদত্যাগী শিক্ষক মিলনকে ক্যাম্পাসে ফিরিয়ে আনে। পরে শিক্ষার্থীদের শান্ত হতে বলে মিলন উপাচার্যকে নিয়ে বেরিয়ে যান। মিলন কুমার বলেন, ‘ব্যক্তিগত কারণে রোববার সকালে উপাচার্য বরাবরে পদত্যাগপত্র জমা দিয়েছি। এর চেয়ে আর বেশি কিছু বলতে পারব না।’শিক্ষার্থীরা বিকেল সাড়ে পাঁচটার দিকে মাইকে ঘোষণা দেন, মিলন দায়িত্বে যোগ না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আন্দোলনরত শিক্ষার্থী বিবিএ দ্বিতীয় সেমিস্টারের রিয়াদ বলেন, ‘মিলন এই অনুষদের সবার প্রিয় শিক্ষক। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমাদের স্যারকে ফিরিয়ে আনতে হবে।’