পদত্যাগের খবরে ‘ব্যথিত’ সুনামগঞ্জের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দীর্ঘদিন একসঙ্গে রাজনীতি করেছি। একসময় তিনি আমাদের ছেড়ে চলে যান। তাঁর সঙ্গে রাজনৈতিক ও মনের দূরত্ব বাড়ে। এরপর নানা কারণে ও আচরণে ক্ষোভও ছিল তাঁর প্রতি। কিন্তু জীবনের পড়ন্ত বেলায় তিনি এমন পরিস্থিতির মুখোমুখি হবেন, ভাবতে পারিনি। সত্যিই পদত্যাগের খবরে ব্যথিত হয়েছি, কষ্ট পেয়েছি।’ সুনামগঞ্জের প্রত্যন্ত এলাকায় মানুষের কাছাকাছি থেকে দীর্ঘদিন সুরঞ্জিত সেনগুপ্তের সঙ্গে রাজনীতি করেছেন ওমরচাঁদ দাশ। গতকাল সোমবার রেলমন্ত্রীর পদ থেকে সুরঞ্জিতের পদত্যাগের খবর শুনে এই মন্তব্য করেন তিনি।গতকাল সকাল থেকে সুনামগঞ্জের সর্বত্রই আলোচনা ছিল সুরঞ্জিত সেনগুপ্তকে নিয়ে। দিরাই শহরের থানা রোডের বাসিন্দা কলেজছাত্র মাহমুদুল হাসান বলেন, ‘প্রথমে ঘটনাটি শুনে খবুই ক্ষুব্ধ হয়েছিলাম। এখন পদত্যাগের খবর শুনে খুবই কষ্ট লাগছে।’শহরের কবি মমিনুল মউজদীন সড়কের বাসিন্দা গৃহিণী আফরোজা খানম খানিকটা ক্ষোভের সুরে বললেন, ‘নিশ্চয় প্রধানমন্ত্রী বলেছেন পদত্যাগ করতে, তাই তিনি করেছেন। এখন দেখব প্রধানমন্ত্রী আর কয়জন দুর্নীতিবাজ মন্ত্রী-এমপির বিরুদ্ধে ব্যবস্থা নেন।’ সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী বলেন, ‘সুনামগঞ্জের একজন হিসেবে ব্যথিত হয়েছি। তবে তিনি সাহসী সিদ্ধান্ত নিয়েছেন।’দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলতাব উদ্দিন বললেন, ‘রেলের কালো বিড়াল যে বাঘের চেয়ে ভয়ংকর, সেটা দাদা আমাদের বলতেন। তিনি ষড়যন্ত্রের শিকার।’সুনামগঞ্জ-৪ আসনের (সদর ও বিশ্বম্ভরপুর) ক্ষমতাসীন দলের সাংসদ মতিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘সুরঞ্জিত সেনগুপ্তের বন্ধু হিসেবে আমি বিব্রত এবং মর্মাহত। তবে ওই তিনজনকে পুলিশে দিয়ে সঙ্গে সঙ্গেই তাঁর পদত্যাগ করা উচিত ছিল। সেটা অনেক গর্বের হতো, দলের জন্য আরও ভালো হতো।’