পদত্যাগের ঘোষণা আরও নয় নেতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা জেলা বিএনপির নবগঠিত কমিটি থেকে আরও নয় নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তাঁরা হচ্ছেন কমিটির কার্যনির্বাহী সদস্য জহুরুল ইসলাম, শফিকুর রহমান, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, সদস্য গোলাম সরোয়ার, হান্নান সরদার, আকরাম আলী খান ও মোখলেসুর রহমান।গতকাল শুক্রবার সকালে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে নবগঠিত কমিটিকে একপেশে দাবি করে তাঁরা এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে সর্বশেষ কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি জহুরুল ইসলাম অভিযোগ করেন, বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাস পাবনায় বিএনপির রাজনীতিকে বিলুপ্ত করতে চায়। তিনি ষড়যন্ত্রমূলকভাবে কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়ে এই কমিটির অনুমোদন করিয়েছেন। নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য তিনি কমিটি থেকে জনপ্রিয় নেতাদের বাদ দিয়েছেন। কোনো অবস্থাতেই বিএনপির ধ্বংসের এই যড়যন্ত্র মেনে নেওয়া হবে না। তাই তাঁরা কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দু-এক দিনের মধ্যে লিখিত পদত্যাগপত্র ভারপ্রাপ্ত মহাসচিব বরাবর পাঠানো হবে।এ প্রসঙ্গে নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, কারও ষড়যন্ত্র নয়, বেগম খালেদা জিয়ার নির্দেশে ভারপ্রাপ্ত মহাসচিব এ কমিটির অনুমোদন করেছেন। বিএনপি শান্তিপ্রিয় দল। এই দলে কোনো সন্ত্রাসী ও বিশৃঙ্খলাকারীর স্থান নেই। কেউ বিএনপিতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে তাঁর বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।২০০৯ সালের জুন মাসে কমিটি গঠন নিয়ে পাবনা জেলা বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। একপর্যায়ে সর্বশেষ বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র কামরুল হাসানের নেতৃত্বে তৈরি হয় বিদ্রোহী অংশ। এরপর থেকে তিন বছর ধরে দলের দুই অংশ পৃথকভাবে দলীয় সব কর্মকাণ্ড পালন করে আসছে। ২২ জানুয়ারি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৭২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন। এরপর এই বিরোধ চরম আকার ধারণ করে।