পদত্যাগের সিদ্ধান্ত আনোয়ার হোসেনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। যত দ্রুত সম্ভব পদত্যাগ করবেন বলে তিনি জানান। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার চেষ্টা করছেন বলেও জানান তিনি।


আজ রোববার বিকেলে আনোয়ার হোসেন ‘প্রথম আলো’কে এ তথ্য নিশ্চিত করেছেন। আগামীকাল সোমবার তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন বলে জানা গেছে।
আনোয়ার হোসেন পদত্যাগের ঘোষণা দিয়েছেন, এখন আন্দোলন প্রত্যাহার করবেন কি না, জানতে চাইলে শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের সদস্যসচিব মুহাম্মদ কামরুল আহসান বলেন, ‘আনোয়ার হোসেন পদত্যাগ করার পর আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব। আমরা চাই বিশ্ববিদ্যালয় সচল হোক।’ তিনি আরও বলেন, ‘শুধু পদত্যাগ করলেই চলবে না, রাষ্ট্রপতির নির্দেশনা অনুযায়ী উপাচার্য প্যানেল নির্বাচনের ঘোষণা দিতে হবে।’

উপাচার্য আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে শিক্ষকদের একটি অংশ প্রায় নয় মাস ধরে বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। পদত্যাগের দাবিতে শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়ের দুই সহ-উপাচার্য, রেজিস্ট্রার এবং দুই দফায় উপাচার্যকে অবরুদ্ধ করেন। এ ছাড়া উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা, ক্লাস বর্জন, বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবন অবরোধ, সিনেট-সিন্ডিকেটসহ অন্যান্য প্রশাসনিক সভা প্রতিরোধসহ নানা ধরনের কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারী শিক্ষকেরা। শিক্ষকদের আন্দোলনের মুখে আনোয়ার হোসেন গত ২৪ অক্টোবর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় নির্বাচনের আগে জাকসু এবং উপাচার্য প্যানেল নির্বাচন দিয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে যাবেন বলে ঘোষণা দেন। সর্বশেষ আজ তিনি পদত্যাগের কথা জানান। ২০১২ সালের ২০ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব নেন আনোয়ার হোসেন।