
শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগপত্র প্রত্যাহার করে নিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও অধ্যাপক ইয়াসমিন হক।
আজ বুধবার বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে জাফর ইকবাল এ ঘোষণা দেন। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমার অনেক শুভানুধ্যায়ী এবং দেশের শীর্ষ পর্যায়ের অনেক মানুষ পদত্যাগ না করতে অনুরোধ করেছেন। তাই আমি এ সিদ্ধান্ত নিলাম। গুচ্ছ পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা হবে।’
জাফর ইকবাল ও তাঁর স্ত্রী ইয়াসমিন হক গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন—এ খবর শোনার পর থেকেই শিক্ষার্থীরা তা প্রত্যাহারের জন্য আবেদন করতে থাকেন। এরই পরিপ্রেক্ষিতে আজ জাফর ইকবাল তাঁর স্ত্রী ইয়াসমিন হক এ সিদ্ধান্ত নিলেন।
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩০ নভেম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। কবে পরীক্ষা হবে এবং কোনো পদ্ধতিতে পরীক্ষা হবে, তা পরে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সদস্যসচিব অধ্যাপক শাহ আলম প্রথম আলো ডটকমকে এ কথা জানান। তিনি বলেন, ভর্তি পরীক্ষা স্থগিত আছে। এ ব্যাপারে পরে সিদ্ধান্ত হবে।
উল্লেখ্য, জাফর ইকবাল বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে গুচ্ছ পদ্ধতি প্রবর্তনের প্রস্তাব করেছিলেন। কর্তৃপক্ষেরও এ বিষয়ে সায় ছিল। কিন্তু নতুন এ পদ্ধতির বিরুদ্ধে আন্দোলন শুরু হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত থেকে সরে আসে। এতে ক্ষুব্ধ হয়ে জাফর ইকবাল ও ইয়াসমিন হক পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।
এর আগে গতকাল ছাত্রছাত্রীদের উদ্দেশে লেখা এক চিঠিতে জাফর ইকবাল ও ইয়াসমিন হক জানিয়েছিলেন, সমন্বিত পরীক্ষা পদ্ধতি নিয়ে কাছের মানুষদের বিরোধিতা তাঁদের ব্যথিত করেছে।বিরোধিতার সূত্রপাত করে বামপন্থী ও জনসেবামূলক প্রতিষ্ঠান এবং পরে অন্য প্রতিষ্ঠানগুলোও এতে সায় দেয়।একপর্যায়ে অর্থ ও শিক্ষামন্ত্রীও পদ্ধতিটির বিরুদ্ধে অবস্থান নেন।
তাঁরা সমন্বিত ভর্তিপ্রক্রিয়ার বৈশিষ্ট্য তাঁদের চিঠিতে ব্যাখ্যা করেছেন।তাঁরা জানান, প্রতিটি বিশ্ববিদ্যালয় তাদের স্বকীয়তা পুরোপুরি বজায় রেখে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করতে পারবে।শুধু এক দিনে এক প্রশ্নপত্রে পরীক্ষা হবে এবং দেশের অসংখ্য ছাত্রছাত্রী ও অভিভাবকদের ছোটাছুটি করতে হবে না।তাঁরা লিখেছেন, ‘যাঁরা আমাদের স্বজন, যাঁদেরকে পাশে নিয়ে কাজ করে এসেছি, তাঁরা যদি আমাদের পাশে না থাকেন, তাহলে বুঝতে হবে অবশ্যই এই বিশ্ববিদ্যালয় থেকে আমাদের বিদায় নেওয়ার সময় হয়েছে।’