পদত্যাগের সুপারিশ রেজিস্ট্রারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সংকট সমাধানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের পদত্যাগ সুপারিশ করেছে অনুসন্ধান কমিটি। সেই সঙ্গে প্রফেশনাল ডেভেলপমেন্ট সেন্টারের একক সিদ্ধান্তে আইন বিভাগের শিক্ষককে অব্যাহতি না দেওয়ার সুপারিশও করেছে তারা।
কাজ শুরুর পাঁচ কর্মদিবসের মধ্যে গত বুধবার রাতে বেশ কিছু সুপারিশসহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৈয়দ সাদ আন্দালিবের কাছে প্রতিবেদন জমা দেয় পুনর্গঠিত অনুসন্ধান কমিটি।
ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল এক বিজ্ঞপ্তিতে প্রধান দুটি সুপারিশের কথা প্রকাশ করে। প্রথম সুপারিশে বলা হয়, আইন বিভাগের শিক্ষক ফারহান উদ্দিন আহমেদের ওপর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. শাহুল আফজাল অবৈধভাবে জোর খাটিয়েছেন। তিনি কাউকে আটকে রাখার অধিকার রাখেন না। তাই কমিটি তাঁর পদত্যাগ সুপারিশ করেছে। এ ক্ষেত্রে রেজিস্ট্রার অপারগ হলে আইন অনুসারে তাঁকে অব্যাহতি দেওয়ার কথাও বলা হয়।
অন্য সুপারিশে বলা হয়, আইন বিভাগের শিক্ষক ফারহান উদ্দিন আহমেদের অব্যাহতি বা স্থায়ীকরণের সিদ্ধান্ত তাঁর একাডেমিক গবেষণা, শিক্ষকতা মূল্যায়ন, বিশ্ববিদ্যালয়ের প্রতি দায়িত্ব, সামাজিক দায়িত্ব ও আত্মবিকাশের ওপর ভিত্তি করে হওয়া প্রয়োজন। তাঁর নিয়োগপত্রের ৭ নম্বর অনুচ্ছেদ প্রয়োগ এবং প্রফেশনাল ডেভেলপমেন্ট সেন্টার (ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধীন)-এর মূল্যায়নের ওপর ভিত্তিতে তাঁকে অব্যাহতি দেওয়া যাবে না।
এই প্রতিবেদনে কমিটি বিশ্ববিদ্যালয়ের নীতিমালা ও নির্দেশনাবলিতেও পরিবর্তনের জন্য কিছু সুপারিশ করেছে।
পাঁচ সদস্যবিশিষ্ট এই কমিটিতে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য এ এফ এম ইউসুফ হায়দার, সৈয়দ মনজুরুল ইসলাম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আফসান চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট তাজদিন হাসান ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি মাইমুনা সৈয়দ আহমেদ।
আইন বিভাগের শিক্ষক ফারহান উদ্দিন আহমেদের অব্যাহতির সিদ্ধান্তকে কেন্দ্র করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। শিক্ষার্থীরা অভিযোগ করেন, চুক্তিতে থাকা এই শিক্ষককে গত ৩০ জুলাই মানবসম্পদ বিভাগ থেকে চাকরিচ্যুতির নোটিশ দেওয়া হয়। তিনি তা নিতে অস্বীকৃতি জানালে রেজিস্ট্রার বিভাগের একাধিক কর্মকর্তা তাঁর আইডি কার্ড নিয়ে নেন এবং তাঁকে লাঞ্ছিত করেন। এরপর থেকেই মহাখালীতে বিশ্ববিদ্যালয়টির প্রধান ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন।
সংঘটিত ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান ও সত্য উদ্ঘাটন করার দায়িত্ব দিয়ে ২ আগস্ট কমিটি গঠন করা হয়।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ৬ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. শাহুল আফজালকে দীর্ঘ মেয়াদে ছুটিতে পাঠানো হয়। শিক্ষক ফারহানের অব্যাহতিপত্রও প্রত্যাহার করা হয়। এ ছাড়া শিক্ষককে লাঞ্ছনার অভিযোগে অভিযুক্ত সহকারী রেজিস্ট্রার মো. মাহিউদ্দিন ও জ্যেষ্ঠ কর্মকর্তা জাভেদ রাসেল পদত্যাগ করেন।