পদদলনে নিহতের ঘটনায় পুলিশের মামলা

চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর কুলখানির মেজবানে গিয়ে পদদলিত হয়ে ১০ জন নিহত হওয়ার ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করেছে পুলিশ।
নগরের কোতোয়ালি অঞ্চলের পুলিশের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম বলেন, পদদলনে নিহত হওয়ার ঘটনায় আজ মঙ্গলবার কোতোয়ালি থানায় অপমৃত্যুর মামলা করেছে পুলিশ।
জাহাঙ্গীর আলম বলেন, পদদলনে নিহত ব্যক্তিদের ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল সোমবার রাতেই নিহত ১০ জনের মধ্যে নয়জনের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। আজ আরেকজনের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
এদিকে পদদলনে নিহতদের স্বজনের সঙ্গে আগামীকাল বুধবার দেখা করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুর্ঘটনাস্থল রীমা কমিউনিটি সেন্টারে মেজবান আয়োজকদের অন্যতম চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহরলাল হাজারী এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
গতকাল বেলা সোয়া একটার দিকে নগরের জামালখানের এস এস খালেদ সড়কের রীমা কনভেনশন সেন্টারে মহিউদ্দিন চৌধুরীর কুলখানির মেজবানে গিয়ে পদদলিত হয়ে প্রাণ হারান ১০ জন। আহত হয়েছেন অন্তত ৫০ জন। প্রায় দেড় লাখ মানুষ যাতে গতকাল সুশৃঙ্খলভাবে চট্টগ্রাম নগরের ১৪টি জায়গায় আয়োজিত মেজবানে অংশ নিতে পারে, সে জন্য স্বেচ্ছাসেবকদের পাশাপাশি পুলিশ মোতায়েন ছিল। এরপরও এই ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এতে পুলিশের গাফিলতি রয়েছে বলে অভিযোগ করেছেন মেজবানে অংশ নেওয়া অনেকে।
পদদলনের ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন ও ম্যাক্স হাসপাতালে দুজন ভর্তি আছেন।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে। সাত দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। পদদলিত হয়ে নিহত ব্যক্তিদের প্রতি পরিবারকে এক লাখ টাকা করে অনুদান দেওয়া হবে বলে জানিয়েছেন মেজবান আয়োজনের সঙ্গে যুক্ত চট্টগ্রামের রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী।