পদদলনের ঘটনায় হত্যা মামলা, মৃতের সংখ্যা ২৭

ময়মনসিংহ শহরে জাকাতের কাপড় আনতে গিয়ে পদদলিত হওয়ার ঘটনায় আটক নূরানি জর্দার মালিক শামীম তালুকদারসহ আটজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া ঘটনার তদন্তে পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে এ ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭।
পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রফিক শুক্রবার বিকেলে কোতোয়ালি মডেল থানায় এই মামলা করেন। অন্য আসামিরা হলেন শামীমের ছেলে হেদায়েত হোসেন তালুকদার, কারখানার ম্যানেজার ইকবাল হোসেন, শামীমের আত্মীয় আরমান হোসেন, আলমগীর হোসেন, কারখানার কর্মচারী শামসুল ইসলাম আবদুল হামিদ ও গাড়ি চালক পারভেজ। পদদলনের ঘটনার পরপর ৮ জনকেই এদের আটক করা হয়।
এর আগে ময়মনসিংহের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম প্রথম আলোকে পদদলনের ঘটনায় ২৫ জনের মৃত্যুর কথা নিশ্চিত করার পর সদর উপজেলার ইউএনও আ. ন. ম. ফয়েজুল হক আরও দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি।
মারা যাওয়া নারী ও শিশুরা হলো, হামিদা বেগম (৪৫), নাজমা বেগম (৫০), ফাতেমা বেগম (৬০), জোহরা খাতুন (৫২), রেজিয়া আক্তার (৪০) ফাতেমা বেগম ফতে (৪২), সুফিয়া বেগম (৬০), খোদেজা বেগম (৫০), মো. ছিদ্দিক (১২), সখিনা (৪০) সখিনার মেয়ে লামিয়া (২), ও সখিনার মা শামীমা ওরফে সামু বেগম (৬০), ফজিলা বেগম (৭৫), হাজেরা বেগম (৭০), মেঘনা বসাক (৩৫), মরিয়ম (৫০), সুধা রানী সরকার (৫৫), রীনা রানী দে (৬০), মমতাজ বেগম ওরফে টুকু (৪০), আঙ্গুরী বেগম (৩৫), সাহারন বেগম (৪০), রুবি আক্তার (১২), রহিমা বেগম (৫৫), ইতি ও খোদেজা আক্তার (৫০) এবং তার নাতনী বৃষ্টি (১২)। এঁরা ময়মনসিংহ শহরের আকুয়া, কাঠগোলা, থানা ঘাট, কাছারি ঘাট, পাটগুদাম বিহারী ক্যাম্প ও বহ্মপুত্র নদের চরের কয়েকটি গ্রামের বাসিন্দা।

এ ছাড়া এ ঘটনায় আহত পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন, হেনা আক্তার, রাজ, ময়না, রাসেল ও কালাচাঁন।
দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া কমপক্ষে ২০ জন নারীর সঙ্গে কথা বলে জানা গেছে, আজ শুক্রবার ভোর রাতে জাকাতের কাপড়ের জন্য বিভিন্ন স্থান থেকে আসা দরিদ্র মানুষ শামীম তালুকদারের বাড়িতে ভিড় করেন।
ভোর হওয়ার আগেই ওই বাড়ির সামনে তিনটি লাইনে মানুষের ভিড় জমে যায়। একপর্যায়ে ওই বাড়ির দারোয়ানেরা এসে দুই পাশ থেকে বাঁশ বেঁধে দেন। তাঁরা কাপড় নিতে আসা ব্যক্তিদের একটি লাইনে আসতে বলেন। ভোর পাঁচটার দিকে ওই বাড়ির প্রবেশ ফটক খুলে দেওয়া হয়। এ সময় হুড়োহুড়ি করে বাড়ির ভেতর ঢুকতে গিয়ে অনেকে পড়ে গেলে এই পদদলনের ঘটনা ঘটে।

তদন্ত কমিটি গঠন: ঘটনা তদন্তে পুলিশ সদর দপ্তর থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলামকে প্রধান করে গঠিত ওই কমিটি ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবে। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবু আহাম্মদ আল মামুন তদন্ত কমিটির বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা: পদদলনে মৃত ব্যক্তিদের প্রত্যেক পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
আরও পড়ুন..
জাকাতের কাপড় নিতে গিয়ে নিহত ১৩