পদবঞ্চিত এক নেতার হাতে প্রহূত ছাত্রলীগ সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসানকে গতকাল বৃহস্পতিবার রাতে মারধর করেছেন ময়মনসিংহের পদবঞ্চিত এক নেতা। ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী আক্তারুজ্জমান খানের অভিযোগ, মাহমুদ হাসান তাঁকে প্রথম আঘাত করেন। তবে ছাত্রলীগের সভাপতি বলেছেন, এ ধরনের কিছু ঘটেনি। ছাত্রলীগের একাধিক নেতা জানান, গতকাল রাত আটটার দিকে রাজধানীর ধানমন্ডির একটি রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে। আক্তারুজ্জামান প্রথম আলোকে বলেন, তিনিসহ ময়মনসিংহ জেলা ছাত্রলীগে মোট আটজন সভাপতি প্রার্থী ছিলেন। এঁদের মধ্যে ছয়জনের বয়সই ২৯ হয়ে গেছে। কাজেই তাঁদের ছাত্রলীগে আসার সুযোগ নেই। এ ছাড়া বাকি আরেক প্রার্থী সভাপতি হিসেবে তাঁকে সমর্থন দিয়েছেন। কিন্তু বুধবার রাতে ঢাকা থেকে জেলা ছাত্রলীগের যে কমিটি ঘোষণা করা যায়, তাতে দেখা যায় তাজউদ্দিন আহমেদ নামে একজনকে সভাপতি করা হয়েছে, যার বয়স ২৯ পেরিয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি গতকাল রাতে ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসানের সঙ্গে দেখা করেন এবং তাঁকে তাজউদ্দিনের ভোটার তালিকা দেখান। এ সময় ছাত্রলীগ সভাপতি তাঁকে র‌্যাব দিয়ে ধরিয়ে দেওয়ার ভয় দেখান। একপর্যায়ে মাহমুদ হাসান তাঁর কলার ধরেন। এ সময় প্রত্যুত্তরে তিনিও তাঁকে মারেন। ক্ষুব্ধ আক্তারুজ্জামান প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের আগামী কেন্দ্রীয় সম্মেলনে নিজের লোক বসাতে ছাত্রলীগ সভাপতি যা ইচ্ছে করছেন। গঠনতন্ত্র ভেঙে তিনি ২৯-ঊর্ধ্ব একজনকে নেতা বানিয়েছেন। ছাত্রলীগ এখন একজন ব্যক্তির স্বেচ্ছাচারী সংগঠনে পরিণত হয়েছে।