পদবি অফিস সহকারীর ক্ষমতা কর্মকর্তার মতো
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে কর্মরত অফিস সহকারী জাফরুল ইসলামের বিরুদ্ধে সদর উপজেলায় দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার ও উৎকোচ গ্রহণের অভিযোগ পাওয়া গেছে। তাঁর পদবি অফিস সহকারীর হলেও ক্ষমতা কর্মকর্তার মতো।এ ব্যাপারে গাইবান্ধা সদর উপজেলার সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যান ও সদস্যরা ৬ আগস্ট খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিবের কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগপত্রে বলা হয়, অফিস সহকারী জাফরুল ইসলামকে টিআর, কাবিখাসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বরাদ্দ থেকে টনপ্রতি ৫০০ টাকা ও এক লাখ টাকার চেকের জন্য তিন হাজার টাকা উৎকোচ না দিলে তিনি অফিসের ফাইল বের করেন না। তাঁর বিরুদ্ধে কর্মকর্তাদের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। তিনি সদর পিআইও অফিসে কর্মরত থাকাকালে পিআইও মশিয়ার রহমানকেও লাঞ্ছিত করেছেন।গোবিন্দগঞ্জ উপজেলার গোমানিগঞ্জ ইউনিয়নের বালুগড়া গ্রামের জাফরুল ইসলাম ১৯৯২ সালে গাইবান্ধা সদর পিআইও অফিসে বদলি হয়ে আসেন। দু-একবার অন্যত্র বদলির পর দীর্ঘ ১৮ বছর এখানে কর্মরত ছিলেন। তাঁর পরিবারের সদস্যরা ঢাকায় থাকে।সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, কামারজানি ইউনিয়নে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির সভাপতির দায়িত্ব পালনের জন্য পাওয়া পাঁচ হাজার টাকা সম্মানী ভাতার চেকের জন্য গত জুলাই মাসে জাফরুল ৫০০ টাকা কেটে নেন।অভিযোগকারীদের একজন সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মির্জা হাসান বলেন, জাফরুল ইসলামের পদবি অফিস সহকারীর হলেও তাঁর ক্ষমতা কর্মকর্তার মতো। ফলে, তাঁর বিরুদ্ধে কোনো কর্মকর্তা ব্যবস্থা নিতে পারেননি। সদর উপজেলা পিআইও মশিয়ার রহমান বলেন, ‘জাফরুল আমার অধীনে কর্মচারী হলেও প্রভাবশালী মহলের চাপে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারিনি। এ কারণে ১১ জুলাই তাঁকে ফুলছড়িতে বদলি করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।’ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শাহ আলম বলেন, জাফরুলের অনিয়ম-দুর্নীতির তদন্ত চলছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রক্রিয়া চলছে।নাম প্রকাশে অনিচ্ছুক ফুলছড়ি উপজেলার এক প্রাক্তন ইউপি চেয়ারম্যান বলেন, ‘ফুলছড়িতে যোগদানের পর জাফরুল পুরোনো ফাইলপত্র ঘাঁটাঘাঁটি করে আমাদের কাছে উৎকোচ দাবি করছেন। উৎকোচ না দিলে মামলায় জড়ানোর হুমকি দিচ্ছেন।’জাফরুল ইসলাম বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার। আমাকে হয়রানি করার জন্য এসব অভিযোগ করা হয়েছে।’