পদবি পরিবর্তনসহ বিভিন্ন দাবিতে ইউপি সচিবদের মানববন্ধন

ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিবদের পদবি পরিবর্তন করে দশম গ্রেড স্কেল কর্মকর্তার মর্যাদা, সরকারি কোষাগার থেকে সব সুবিধাসহ শতভাগ বেতন-ভাতা ও পেনশনের দাবিতে গতকাল বুধবার সাতক্ষীরা, নড়াইল, পিরোজপুর ও খুলনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর তাঁদের দাবিসংবলিত স্মারকলিপি দেওয়া হয়।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সাতক্ষীরা: দুপুর ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারি সমিতির (বাপসা) জেলা শাখা। সমিতির জেলা শাখার সভাপতি আবদুল হাকিমের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা শাখার সাধারণ সম্পাদক কাঞ্চন কুমার দে, ইউপি সচিব আবদুল জলিল, নারায়ণ চন্দ্র অধিকারী, খালিদ হাসান খান, আবদুল হামিদ প্রমুখ। বক্তারা এই সময়, অতি দ্রুত ইউনিয়ন পরিষদ সচিবদের পদবি পরিবর্তন করে দশম গ্রেড স্কেল কর্মকর্তার মর্যাদা, সরকারি কোষাগার থেকে শতভাগ বেতন-ভাতাসহ তিন দফা দাবি পূরণের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। মানববন্ধন শেষে তাঁরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীনের মাধমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দেন।
নড়াইল: ইউনিয়ন পরিষদের সচিবেরা গতকাল আদালত সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় বাপসার জেলা শাখার সভাপতি সৈয়দ নুরুল আলম, সাধারণ সম্পাদক আরব আলী প্রমুখ বক্তব্য দেন। পরে জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন।
মঠবাড়িয়া (পিরোজপুর): গতকাল বেলা ১১টা থেকে পিরোজপুর প্রেসক্লাব প্রাঙ্গণে প্রায় এক ঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য দেন বাপসার জেলা শাখার সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. কাওছার হোসেন প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসক খায়রুল আলম শেখের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
খুলনা: গতকাল দুপুর সাড়ে ১২টা থেকে প্রায় আধা ঘণ্টা নগরের পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বাপসার জেলা শাখার সভাপতি সিদ্ধান্ত শঙ্কর ব্যানার্জির সভাপতিত্বে বক্তব্য দেন জেলার ইউপি সচিবেরা। মানববন্ধন শেষে জেলা প্রশাসক নাজমুল আহসানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।