পদমর্যাদা উন্নীত করার পক্ষে শর্তসাপেক্ষ মত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের পরিদর্শকদের (ইন্সপেক্টর) পদমর্যাদা দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে এবং উপপরিদর্শক (এসআই) ও সার্জেন্টদের পদমর্যাদা দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করার পক্ষে মতামত দিয়েছে সংস্থাপন মন্ত্রণালয়ের বিধি শাখা। সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বিধি) ফিরোজ মিয়ার নেতৃত্বে গঠিত কমিটির বৈঠকে গতকাল বুধবার এ মতামত দেওয়া হয়।জানা যায়, পুলিশে পরিদর্শকের মোট অনুমোদিত পদের সংখ্যা দুই হাজার ৩১১টি। বিভিন্ন ক্যাটাগরিতে উপপরিদর্শকের ১০ হাজার ৮৫৭টি ও সার্জেন্টের এক হাজার ২১৩টি পদ রয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল বৈঠকে মতামত দেওয়া হয়, থানায় পরিদর্শক পদে নিয়োজিত যেসব কর্মকর্তার প্রথম শ্রেণীর নন-ক্যাডার পদে নিয়োগ লাভের শিক্ষাগত যোগ্যতা নেই, তাঁদের পদমর্যাদা দেওয়া সঠিক হবে না। তবে এরকম কর্মকর্তার সংখ্যা এখন খুবই কম। বৈঠকে কেবল পদোন্নতির মাধ্যমে পরিদর্শক পদে নিয়োগ না দিয়ে এই পদে সরকার-নির্ধারিত একটি অংশকে সরাসরি নিয়োগেরও প্রস্তাব করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কমিটির এক সদস্য বলেন, পদমর্যাদা বৃদ্ধির পাশাপাশি মানসম্মত সেবা ও দক্ষতা নিশ্চিত করার জন্য এ প্রস্তাব করা হয়েছে।সূত্র আরও জানায়, পদমর্যাদা উন্নীতের বিষয়টি নিশ্চিত করার আগে পরিদর্শক, উপপরিদর্শক এবং সার্জেন্ট পদের নিয়োগবিধি, পদোন্নতি, শৃঙ্খলা বিধিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা উল্লেখ করেছে কমিটি।ওই কমিটির প্রধান ফিরোজ মিয়া বলেন, কমিটির মতামত গতকালই সংগঠন ও ব্যবস্থাপনা শাখায় পাঠিয়ে দেওয়া হয়েছে। জানা যায়, সংগঠন ও ব্যবস্থাপনা শাখার মতামতের পর প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয়ে যাবে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির অনুমোদনের জন্য পাঠানো হবে। সচিব কমিটির অনুমোদন এবং আলোচ্য বিধি তৈরির পর এ বিষয়ে গেজেট প্রকাশ করা হলে পদমর্যাদা বাড়ানোর বিষয়টি কার্যকর হবে।