পদমর্যাদা নিয়ে সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কর্মসূচি ও আলোচনা সভায় পদমর্যাদা নিয়ে সমস্যা দেখা দিয়েছে। আলোচনা সভায় অংশ নেননি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
বিগত বছরগুলোতে মৎস্য সপ্তাহ উপলক্ষে কর্মসূচিগুলোতে ইউএনও সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রধান অতিথি হিসেবে থাকতেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা অবর্ণা চাকমা বলেন, জেলা মৎস্য কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী মৎস্য সপ্তাহের শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদের মৎস্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য আশুতোষ চাকমাকে প্রধান অতিথি করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউএনও আসবেন না বলে দিয়েছেন। কী সমস্যা সেটা তিনি জানেন না বলে জানান।
উপজেলা পরিষদের চেয়ারম্যান নব কমল চাকমা বলেন, ‘জেলা পরিষদ সদস্যের পদমর্যাদা কী সেটা আমার জানা নেই। যেখানে জেলা পরিষদ সদস্যকে প্রধান অতিথি করা হয়েছে সেখানে আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে যেতে পারি না। জেলা পরিষদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। আত্মসম্মানবোধ থেকে যাওয়া সম্ভব হয়নি।’ বিষয়টি উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় আলোচনা করবেন বলেন তিনি।
ইউএনও ফজলুল জাহিদ পাভেল বলেন, তিনি শোভাযাত্রায় অংশ নিয়েছেন। আলোচনা সভায় যাননি। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসার কারণে তিনি যেতে পারেননি।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য আশুতোষ চাকমা।