একসঙ্গে ১৩ জন প্রকৌশলীর ‘পদমর্যাদা’ বাড়িয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। তবে মর্যাদা বাড়লেও তাঁরা ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন। তাঁদের মধ্যে তিন নির্বাহী প্রকৌশলীকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর পদে এবং ১০ সহকারী প্রকৌশলীকে নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব দেওয়া হয়েছে। পদমর্যাদা বাড়লেও আগের পদ অনুযায়ী তাঁরা বেতন-ভাতা পাবেন।
গত সোমবার এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে চট্টগ্রাম সিটি করপোরেশন। সিটি করপোরেশনের সচিব মোহাম্মদ আবুল হোসেন প্রথম আলোকে বলেন, উন্নয়নকাজে গতিশীলতা আনতে প্রকৌশলীদের পদমর্যাদা বাড়ানো হরেছে।
এ বিষয়ে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, এভাবে পদমর্যাদা দেওয়া ঠিক না। পদোন্নতি দেওয়ার জন্য একটি কমিশন বা বোর্ড থাকা প্রয়োজন। কমিশন যাচাই-বাছাই করে যোগ্য লোককে নিয়োগ দিতে পারবে। তিনি বলেন, এতে
সুফল কিংবা কুফল কিছুই নেই। বরং এভাবে পদমর্যাদা দিয়ে কিছু লোককে খুশি করা হয়েছে মাত্র।
অবশ্য সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘এখানে বেতনটা মুখ্য নয়, মুখ্য হচ্ছে স্ট্যাটাস। এতে তাঁরা সম্মান ও মর্যাদা পাচ্ছেন। আর নতুন বেতন স্কেলে সবার বেতন বেড়েছে।’
তত্ত্বাবধায়ক প্রকৌশলীর পদমর্যাদা পাওয়া আবু ছালেহ প্রথম আলোকে বলেন, প্রকৌশল বিভাগে দীর্ঘদিন ধরে পদোন্নতি কিংবা পদমর্যাদা না দেওয়ায় সবার মধ্যে হতাশা ছিল। এখন নতুন পদমর্যাদা দেওয়ায় সবাই নতুন উদ্যোমে কাজ করবেন।
নির্বাহী প্রকৌশলীর ভারপ্রাপ্তের দায়িত্ব পাওয়া অসীম বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘প্রায় ১৫ বছর সহকারী প্রকৌশলীর দায়িত্ব পালন করার পর নতুন পদমর্যাদা পেয়ে ভালো লাগছে। এখানে সম্মানটাই মুখ্য।’