পদসেতু নেই বলে ফোকর গলে...
রাস্তা পার হওয়াটা জরুরি। কিন্তু মাঝখানে বাধা সড়ক বিভাজক। এই বিভাজকের মধ্যে রয়েছে একটুখানি ফোকর। এই ফাঁক গলেই পথচারীরা সড়কের এপার-ওপার করছে। কেবল একটি পদচারী-সেতু (ফুটওভার ব্রিজ) না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে পথচারীরা এভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হচ্ছে। স্থানটি রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের (উড়াল সড়ক) মুখে, যে এলাকা কুতুবখালী বলে পরিচিত।

আজ শুক্রবার সকালে সেখানে বাবার সঙ্গে রাস্তা পার হওয়ার অপেক্ষায় ছিল একটি ছোট ছেলে। নাম জানাল আবদুর রহমান। বাবাকে সে বলল, ‘বাবা, এখানে কবে ফুটওভার ব্রিজ হবে? আমরা নির্ভয়ে রাস্তা পার হতে পারব কবে?’

ছেলের এ প্রশ্নে উত্তর দিতে পারেননি বাবা। তবে সড়ক পার হতে গিয়ে ছেলেটি যে ভয়ে কুঁকড়ে গেছে, তা স্পষ্ট।
রাস্তা পার হতে উড়াল সড়কের উত্তর পাশে অপেক্ষা করছিলেন তিনজন। একই পরিবারের সদস্য তাঁরা। বাবা-মা ও তাঁদের শিশুপুত্র। ছেলেটি একেবারেই ছোট, পাঁচের বেশি হবে না বয়স। গাড়ি আসছে না ভেবে তাঁরা রাস্তার অপর প্রান্তে যেতে রওনা দেন। প্রথমে পুরুষ লোকটি বিভাজকের ফাঁক দিয়ে মাথা ঢুকিয়ে দেন। এরপর শিশুটি মাথা গলায়। পরে শিশুর মা। মায়ের ওড়নার প্রান্ত আটকে যায় বিভাজকে। তাঁর স্বামী চট করে ওড়না ছাড়িয়ে দেন। এ সময় কোনো চলন্ত গাড়ি সেখানে এলে দুর্ঘটনা ঘটতে পারত।

কুতুবখালীর স্থানীয় বাসিন্দা আইন উদ্দিন বলেন, ‘বিশ্বাস করানো যাবে না, আমরা কত বিপদে আছি। কোনো ফুটওভার ব্রিজ নেই। স্কুলের ছাত্রছাত্রীরা ওই ফাঁক দিয়ে পার হয়। আমরা অনেক বিপদে আছি। তিন মাস আগেও রাস্তা পার হতে গিয়ে একজন মারা গেছে। জীবনের ঝুঁকি নিয়ে শত শত লোক প্রতিদিন পার হচ্ছে।’ একই কথা বলেন শরিফ নামের একজন দোকানি। কর্তৃপক্ষর কাছে এলাকাবাসীর দাবি, এখানে দ্রুত পদচারী-সেতু নির্মাণ করা হোক।

সরেজমিন দেখা যায়, শনির আখড়ার পর মেয়র হানিফ ফ্লাইওভার। এই উড়াল সড়কের খুব কাছে কুতুবখালীতে বাস থামানো হয়। গুলিস্তানগামী যাত্রীরা সেখান থেকে বাসে ওঠে। ওই স্থানে পথচারীরা হরদম ওই ফাঁক দিয়ে পার হচ্ছে। দেখা যায়, বিভাজকের ওই ফাঁক দিয়ে মাথা গলানোর সময় শাঁ করে দ্রুতগামী বাস বা ট্রাক একেবারে নাকের ডগা দিয়ে চলে যাচ্ছে। এ সময় একটু সামনে বাড়লেই অবধারিত মৃত্যু। একই ফোকর দিয়ে যখন একাধিক পথচারী লাইন ধরে রাস্তা পার হয়, ওই সময় ঝুঁকি থাকে আরও বেশি। এই মহাসড়কে শনির আখড়া থেকে সাইনবোর্ড পর্যন্ত অংশে সড়ক বিভাজকের ফোকর দিয়ে পথচারীরা এভাবেই পারাপার চালিয়ে যাচ্ছে।

অনেক সময় মোটরসাইকেল আরোহীরা এই ফোকর ব্যবহার করে রাস্তা বদল করছেন। এটাও কম ঝুঁকিপূর্ণ নয়। এভাবে রাস্তা পারাপারের কারণে সড়কের রায়েরবাগ, শনির আখড়া, মাতুয়াইল মেডিকেল অংশে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটছে।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ফ্লাইওভারের দুই পান্তের মানুষের রাস্তা পার হওয়ার কোনো ফুটওভার ব্রিজ নেই। প্রায়ই সেখানে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা ঘটার পর গাড়ি ভাঙচুর হয়। এখানে ফুটওভার ব্রিজ নির্মাণ করা হলে দুর্ঘটনা অনেক কমে যাবে।’

এ ব্যাপারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বেলাল প্রথম আলোকে বলেন, ‘সিটি করপোরেশনের যাত্রাবাড়ী অঞ্চলের নির্বাহী কর্মকর্তাকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি। সেখানে ফুটওভার ব্রিজ নির্মাণের প্রস্তাব দিতে বলেছি। আমরা অবশ্যই সেখানে ফুটওভার ব্রিজ নির্মাণ করব।’