পদাতিকের সোজন বাদিয়ার ঘাট
১৯৭৮ সালের ২১ জানুয়ারি পদাতিক নাট্য সংসদের যাত্রা শুরু। দলের মধ্যে মতপার্থক্যের কারণে ২০০৬ সালে পদাতিক নাট্য সংসদ বাংলাদেশ ও পদাতিক নাট্য সংসদ টিএসসি নামের পৃথক দুটি দল হয়ে যায়। গতকাল পদাতিক নাট্য সংসদ টিএসসি নাটক সরণিতে প্রতিষ্ঠার ৩২ বছর উদ্যাপন করেছে।প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ উদ্যাপন হলেও অনুষ্ঠানের শুরুতে ছিল শোকের আবহ। বরেণ্য নাট্যকার সাঈদ আহমেদের প্রয়াণে সমবেত ব্যক্তিরা তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করেন শুরুতে। বাতিল করা হয় শোভাযাত্রা।বিকেল চারটায় অনুষ্ঠানের উদ্বোধন করেন সৈয়দ শামসুল হক। স্বাগত বক্তব্য দেন দলের সহসভাপতি নিহাদ কবির। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ম. হামিদ। বিশেষ অতিথির বক্তব্য দেন ঝুনা চৌধুরী ও হাসান আরিফ। আলোচনার পরে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটকের গান, স্মৃতিচারণা। সবশেষে ছিল পল্লিকবি জসীম উদ্দীনের সোজন বাদিয়ার ঘাট নাটকের মঞ্চায়ন।জাভেদ জলিলের প্রদর্শনীসন্ধ্যা নেমেছে তখন। রাজপথের যানজট আর যানবাহনের কর্কশ শব্দ এড়িয়ে স্বস্তি মিলল ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেসের লা গ্যালারিতে গিয়ে। দেয়ালে সাজানো ১০টি চিত্রকর্ম। অনেক বড় আকারের ক্যানভাস। বরেণ্য শিল্পী মোহাম্মদ কিবরিয়া গ্যালারিতে ঘুরে ঘুরে দেখছিলেন ছবিগুলো। একসময় মন্তব্য করলেন, ‘অল্প ছবি দিয়ে গ্যালারি সাজানোর কারণে বেশি ভালো লাগছে। ছবির প্রসার পায় এতে।’গতকাল বৃহস্পতিবার থেকে এখানে শুরু হয়েছে শিল্পী জাভেদ জলিলের এই একক চিত্র প্রদর্শনী। ‘টিয়ার দ্য স্কিন অব রিয়েলিটি’ নামের এ প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য চিত্রশিল্পী মোহাম্মদ কিবরিয়া। স্বাগত বক্তব্য দেন আলিয়ঁস ফ্রঁসেসের পরিচালক জ্যঁক বুনা।জাভেদ জলিলের ছবিতে বিষয় মুখ্য নয়। রং ও রেখার মাধ্যমে তিনি বিশেষ ব্যঞ্জনার সৃষ্টি করেন। বর্ণ, ছন্দ ও কালির মধ্য দিয়ে তিনি অন্তরের সৌন্দর্য প্রকাশ করেছেন ক্যানভাসে। শালীন, সুশীল ও কোমল প্রকৃতির নারীর সঙ্গে শিল্পী পৌরাণিক আবহের সমন্বয় করেছেন। শিল্পী মোহাম্মদ কিবরিয়া তাঁর ছবি সম্পর্কে মন্তব্য করেন, ‘বেশ গোছানো জাভেদ জলিলের কাজ। রং স্বচ্ছ, রেখা স্পষ্ট। বিষয়ের সঙ্গে সংগতি রেখেই ছবিতে ব্যবহার করেন রং। এ কারণে ছবিগুলো ভালো লেগেছে।’ শিল্পী জানান, দৈনন্দিন জীবনে যা কিছু তাঁর চোখে পড়ে, সেসবের খণ্ড খণ্ড চিত্র রেখা ও রঙের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন তিনি। প্রদর্শনীর শেষ হবে ১ ফেব্রুয়ারি। খোলা থাকবে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত।