এইচএসসি বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান প্রথমপত্র এবং রসায়ন দ্বিতীয়পত্রের পরীক্ষার সূচি পরিবর্তনের দাবিতে গতকাল মঙ্গলবার সকালে নগরের মুরাদপুরে চট্টগ্রাম বোর্ড কার্যালয়ের সামনে পরীক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। পরে তারা চট্টগ্রাম বোর্ডের সচিবের কাছে এ ব্যাপারে স্মারকলিপি দেয়। আগামী ১১ এপ্রিল পদার্থবিজ্ঞান প্রথম এবং ৩০ এপ্রিল রসায়ন দ্বিতীয়পত্রের পরীক্ষার সময় নির্ধারিত হয়েছে। এই দুটি বিষয়ে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দেওয়ার দাবি করেছে শিক্ষার্থীরা। মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়া পরীক্ষার্থীরা বলেছে, পরীক্ষার সূচিতে পদার্থবিজ্ঞান দ্বিতীয় এবং রসায়ন প্রথমপত্রের পরীক্ষার মধ্যে বিরতি (বন্ধ) সন্তোষজনক। কিন্তু পদার্থবিজ্ঞান প্রথমপত্র এবং রসায়ন দ্বিতীয়পত্রের মধ্যে এক দিনের বিরতি খুবই অমানবিক। কারণ, এ বছর থেকে প্রথমবারের মতো সৃজনশীল পদ্ধতিতে রসায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরে তারা এসব পরীক্ষার সূচি পরিবর্তনের দাবি জানিয়ে চট্টগ্রাম বোর্ডের সচিব এ একে এম ফজলুল করিম চৌধুরীর হাতে স্মারকলিপি তুলে দেয়। এ ব্যাপারে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘পরীক্ষার সময়সূচি আন্ত বোর্ডের নির্দেশনায় প্রণীত হয়। এখানে আমাদের কিছু করণীয় থাকে না। বিষয়টি আমরা সেখানে জানিয়ে দেব।’ মানববন্ধন কর্মসূচিতে চট্টগ্রাম সরকারি কলেজ, হাজী মুহাম্মদ মুহসীন সরকারি কলেজ, সরকারি সিটি কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, নৌবাহিনী কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত তারা মানববন্ধন কর্মসূচি পালন করে।