পদার্থবিদ্যায় পাস করা শিবির নেতা হলেন বিবিএর শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি বিএসসি (সম্মান) ও এমএসসি ডিগ্রি লাভ করেছেন পদার্থবিদ্যা থেকে। এরপর চট্টগ্রামে অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) ঢাকা ক্যাম্পাসে যোগ দিয়েছেন ব্যবসায় প্রশাসনের পূর্ণকালীন প্রভাষক হিসেবে। তাঁর নাম জাহিদ হোসেন ভূঁইয়া। ২০০৪ সালে তিনি ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। এই পরিচয়ই তাঁর বিবিএর প্রভাষক হিসেবে নিয়োগ পাওয়ার ক্ষেত্রে বড় যোগ্যতা হিসেবে কাজ করেছে বলে অভিযোগ উঠেছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, পদার্থবিদ্যা থেকে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর জাহিদ হোসেন আইআইইউসি থেকে সন্ধাকালীন এমবিএ ডিগ্রি নেন। বিবিএর প্রভাষক পদে আবেদনের সময় এই সন্ধাকালীন এমবিএকেই যোগ্যতা হিসেবে দেখানো হয়েছে। অথচ একই পদের জন্য ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সর্বমোট ১৮ প্রার্থী আবেদন করেছিলেন। তাঁদের মধ্যে চারজন প্রার্থীর সব পরীক্ষায় প্রথম শ্রেণী অথবা সমমানের জিপিএ ছিল। এ ছাড়া বিবিএ এবং এমবিএতে প্রথম শ্রেণী বা সমমানের গ্রেড থাকা কয়েকজন প্রার্থীও ছিলেন।বিষয়টি নিয়ে আইআইইউসি ঢাকা ক্যাম্পাসের একজন শিক্ষক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের কাছে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেন। এতে বলা হয়, শিক্ষক নিয়োগের ন্যূনতম নীতিমালা অনুসরণ না করেই পদার্থবিদ্যায় স্নাতক সম্মান ও স্নাতকোত্তর জাহিদ হোসেনকে ব্যবসায় প্রশাসন বিভাগের ব্যবস্থাপনা বিষয়ের পূর্ণকালীন প্রভাষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ বিশ্ববিদ্যালয় থেকে সন্ধাকালীন এমবিএ সম্পন্ন করেছেন এমন যুক্তি দেখিয়ে তাকে ব্যবস্থাপনার প্রভাষক হিসেবে নিয়োগ দেওয়া নীতিবহির্ভূত বলে অভিযোগ করা হয়।এ সম্পর্কে জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘ছাত্রশিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলাম, এটাই আমার একমাত্র যোগ্যতা নয়। একাডেমিক কার্যক্রমের ক্ষেত্রে আমার ভিন্নতা থাকতে পারে, তবে সে ঘাটতি পূরণের চেষ্টা করে যাচ্ছি।’ তিনি বলেন, ‘বিষয়ভিত্তিক এ সমস্যা নিয়ে আমি নিজেও একটু বিব্রত আছি। তবে আমার ছাত্ররা ক্লাস-কার্যক্রম নিয়ে সন্তুষ্ট।’বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বিবিএ এবং এমবিএতে গণিত, পরিসংখ্যান ও কম্পিউটার বিজ্ঞান পড়ানো হয়। কোনো প্রার্থী যদি এসব বিষয়ে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি নেন, তাহলে বিবিএ কিংবা এমবিএর শিক্ষক হতে পারবেন। তবে শুধু নৈশকালীন এমবিএ ডিগ্রি নিয়ে কারও এ বিষয়ের শিক্ষক হওয়ার সুযোগ নেই। কারণ ওই নৈশকালীন এমবিএ হচ্ছে নির্বাহী (এক্সিকিউটিভ) হওয়ার ডিগ্রি, শিক্ষক হওয়ার জন্য নয়।আইআইইউসির রেজিস্ট্রার মুহাম্মদ নুরুল ইসলাম এ বিষয়ে বলেন, জাহিদ হোসেন ভূঁইয়াকে দুই বছর আগেই শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এত দিন পর এ ধরনের প্রশ্ন অবান্তর। শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার সময়ও বিশেষজ্ঞ কমিটি তাঁর ওপর সন্তোষ প্রকাশ করেছিলেন।জানা যায়, আইআইইউসির প্রধান ক্যাম্পাস চট্টগ্রামে হলেও ঢাকায় রয়েছে তাদের আলাদা ক্যাম্পাস। এ ক্যাম্পাসেই শিক্ষকতা করেন জাহিদ হোসেন। শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ঘোষণা অনুযায়ী, ঢাকা ক্যাম্পাস অবৈধ। সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনের আশ্রয় নিয়ে শিক্ষার্থী ভর্তিসহ অন্যান্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে।রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, ‘আমরা ঢাকা ক্যাম্পাস বন্ধ করব না। ইতিমধ্যে আমরা আইনের আশ্রয় নিয়েছি।’