জনপ্র্রশাসন ও অন্য ক্যাডারের সদ্য পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের আগের পদে সংযুক্ত করায় অসন্তোষের সৃষ্টি হয়েছে। বিসিএস তথ্য ক্যাডারের নবম ও ১৩তম ব্যাচের বেশ কয়েকজন কর্মকর্তা গতকাল মঙ্গলবার নিজ নিজ দপ্তর ও অধিদপ্তরের প্রধানদের সঙ্গে দেখা করে তাঁদের ক্ষোভের কথা জানিয়েছেন।এসব কর্মকর্তা বলেছেন, এ ধরনের পদায়নের ফলে পদোন্নতি পাওয়াদের চেয়ে নিচের স্তরের কর্মকর্তাদের বিভাগীয় পদোন্নতিও আটকে যাবে। ফলে উপসচিব পদে পদোন্নতি থেকে বঞ্চিত হওয়ার পর এখন তাঁদের লাইন পোস্টে পদোন্নতিও আটকে যাচ্ছে।বিসিএস তথ্য সাধারণ সমিতি আজ বুধবার বিকেলে তথ্য অধিদপ্তরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্যে এক জরুরি সভা আহ্বান করেছে।এদিকে পেশাজীবী সংগঠন প্রকৌশলী-কৃষিবিদ-চিকিৎসক (প্রকৃচি) অন্যান্য ক্যাডারকে বঞ্চিত করে উপসচিব থেকে ওপরের পদে পদোন্নতি দেওয়ায় প্রতিবাদ জানিয়েছে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংগঠনের জরুরি সভা থেকে এ প্রতিবাদ জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন কৃষিবিদ ইনস্টিটিউটের সভাপতি নীতীশ চন্দ্র দেবনাথ, মহাসচিব আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. শারফুদ্দিন আহমেদ প্রমুখ।৮ ফেব্রুয়ারি অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিব পদে একসঙ্গে ৬৪৯ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়।