পদায়নের পরও কাটছে না চিকিৎসক-সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল বিভাগের ছয় জেলায় একযোগে ৩৫৫ জন নতুন চিকিৎসককে পদায়ন করা হলেও তাঁদের মধ্যে ১৯ জন কর্মস্থলে যোগ দেননি। এ ছাড়া পদায়নের ক্ষেত্রেও অসংগতির অভিযোগ উঠেছে। বরগুনায় ৪২ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হলেও ৩৬ জন যোগদান করেছেন। বাকি ছয়জন তদবির করে মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হয়েছেন। এখনো এই জেলায় ৮১টি চিকিৎসক পদ শূন্য থাকায় সংকট নিরসন হয়নি।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এ বিভাগের চিকিৎসাসেবায় সবচেয়ে পিছিয়ে আছে বরগুনা। অধিক সংখ্যক চিকিৎসক প্রয়োজন হলেও সেখানে তা দেওয়া হয়নি। ফলে সরকার চিকিৎসাসেবার মান উন্নয়নের জন্য নতুন চিকিৎসক নিয়োগ দিলেও এখানে এর তেমন প্রভাব পড়ছে না।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, বিভাগের ছয় জেলার ৪০টি উপজেলার প্রত্যন্ত গ্রামের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ৩৫৫ জন নতুন চিকিৎসককে একযোগে পদায়ন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। নিয়োগের শর্ত অনুযায়ী নবীন এই চিকিৎসকদের কমপক্ষে দুই বছর উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে কর্মরত থাকতে হবে। গত ২৭ আগস্ট থেকে ওই চিকিৎসকদের মধ্যে ৩৩৬ জন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরে যোগদান করেন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বরগুনায় ৪২ জনের মধ্যে ৩৬ জন চিকিৎসক যোগদান করেছেন। বাকিরা মন্ত্রণালয়ে তদবির করে ওএসডি হয়ে অন্যত্র পদায়নের চেষ্টা করছেন।
বরগুনা জেলা সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা জানান, বরগুনায় চিকিৎসকের ১৪১টি পদের বিপরীতে আগে কর্মরত ছিলেন মাত্র ২৪ জন। এবার ৩৬ জন নতুন চিকিৎসক নিয়োগ দেওয়ার পরও ৮১টি পদ শূন্য রয়েছে। যোগাযোগব্যবস্থা নাজুক হওয়ায় চিকিৎসক সংকটে বিপুলসংখ্যক জনগোষ্ঠী চিকিৎসাসেবা বঞ্চিত হচ্ছে।
বরগুনা সচেতন নাগরিক কমিটির (সনাক) জ্যেষ্ঠ সহসভাপতি হামিদা বেগম বলেন, জেলার হাসপাতালগুলোতে চিকিৎসক-সংকটের কারণে মানুষ সেবা পাচ্ছে না। বরিশাল, পটুয়াখালীর চেয়ে বরগুনায় চিকিৎসক-সংকট অনেক বেশি। সে অনুযায়ী এখানে চিকিৎসক পদায়ন করা হয়নি। তবে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক শেখ করিম বলেন, বরিশাল বিভাগের হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে মোট এক হাজার ৬৭ জন চিকিৎসকের পদ রয়েছে। কিন্তু কয়েক বছর ধরে এখানে কমর্রত চিকিৎসকের সংখ্যা মাত্র ৩৬৪ জন। এবার একসঙ্গে ৩৫৫ জন চিকিৎসক নিয়োগ দেওয়ায় চিকিৎসক-সংকট অনেকটাই লাঘব হবে।
বরগুনার সিভিল সার্জন মো. আনিসুর রহমান গত বুধবার প্রথম আলোকে বলেন, ‘বরগুনায় যে সামান্যসংখ্যক চিকিৎসক পদায়ন করা হয়েছে, তাঁদের মধ্যে কয়েকজন তদবির করে অন্যত্র চলে যাচ্ছেন। আমরা এসব বিষয় লিখিতভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েও কোনো ফল পাচ্ছি না।’