সম্প্রতি ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন স্থানে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার জন্য আবেদন ফরম কিনতে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। এই বিষয়সহ স্থানীয় সরকার ব্যবস্থার নানা দিক নিয়ে প্রথম আলো কথা বলেছে ঠাকুরগাঁওয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনতোষ কুমার দের সঙ্গে।
প্রথম আলো: স্থানীয় সরকার ব্যবস্থায় ইউনিয়ন পরিষদের (ইউপি) ভূমিকাকে কীভাবে মূল্যায়ন করেন?
মনতোষ কুমার দে: বাংলাদেশের স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তরটি হচ্ছে ইউনিয়ন পরিষদ। প্রাচীনকাল থেকে এই জনপদে পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর ছিল। সেটি বিভিন্ন সময় পরিবর্তনের মাধ্যমে আজকের ইউনিয়ন পরিষদের রূপ নিয়েছে। গ্রামের মানুষের ভোটে নির্বাচিত ইউনিয়ন পরিষদ স্থানীয় পর্যায়ে মানুষের নিরাপত্তা বিধান, আইনশৃঙ্খলা রক্ষা, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষাসহ নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে। এ কারণেই ইউপি বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থায় একটা গুরুত্বপূর্ণ স্তর হিসেবে বিবেচিত হয়।
প্রথম আলো: ইউপি নির্বাচনে সৎ, যোগ্য প্রার্থীদের অংশগ্রহণ কমে আসছে কেন?
মনতোষ কুমার দে: রাজনীতি এখন অর্থনির্ভর হয়ে পড়েছে। বিত্তবানেরাই দলের বড় পদ পান। দু-একজন সৎ মানুষকে সেখানে অলংকার হিসেবে রাখা হয়। নির্বাচনে সব ক্ষেত্রেই দলীয়ভাবে মনোনয়ন দেওয়া হচ্ছে। দলের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সম্পদটাকেই যোগ্যতা বলে মনে করা হয়। নির্বাচনে যিনি জয়ী হয়ে আসতে পারবেন, দল তাঁকেই এখন মনোনয়ন দেয়। সৎ মানুষ নির্বাচনে অঢেল টাকা খরচ করার যোগ্যতা রাখেন না বলে খুব একটা মনোনয়নও পান না।
প্রথম আলো: ক্ষমতাসীন দলের অনেকেই বাড়তি টাকা দিয়ে দলের আবেদন ফরম কিনছেন, এটাকে কীভাবে দেখছেন?
মনতোষ কুমার দে: এটা গণতন্ত্রের জন্য, রাষ্ট্রের জন্য অশনিসংকেত। যাঁরা অর্থবিত্তের অধিকারী, সেসব মানুষই এখন রাজনীতির সঙ্গে যুক্ত হন। দেশসেবা নয়, আত্মসেবাটাই তাঁদের কাছে মুখ্য হয়ে যায়। আত্মসেবা করতে গিয়ে দলীয় মনোনয়নটাও টাকার বিনিময়ে কিনে নেন। যাঁরা সমাজ নিয়ে ভাবেন, তাঁদের এ নিয়ে ভূমিকা রাখতে হবে। ভোটারদের এসব মানুষকে ভোট না দেওয়ার জন্য সচেতন করতে হবে। আগে দলের সৎ, ত্যাগীরাই মনোনয়ন পেতেন। কিন্তু এই ধারাটা পাল্টে গেছে। এ ধারা আবার ফিরিয়ে আনতে হবে।
প্রথম আলো: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ইউপি নির্বাচনে দলের মনোনয়নপ্রত্যাশীদের কাছ থেকে আবেদন ফরমের নামে ১০ হাজার টাকা করে নেওয়া হয়েছে, এটাকে কীভাবে দেখছেন?
মনতোষ কুমার দে: আমার জানা মতে, তৃণমূল পর্যায়ে মনোনয়নপ্রত্যাশীদের জন্য আবেদন ফরম বিক্রির কোনো সিদ্ধান্ত নেই। এর পরও কোনো কোনো জায়গায় এটা হয়েছে। আমরা এটাও জেনেছি, অনেক জায়গায় মনোনয়ন–বাণিজ্য হয়েছে। এখন দলের বিনা পয়সার আবেদন ফরম বড় অঙ্কের টাকার বিনিময়ে কিনে নিতে হচ্ছে। এ ছাড়া মনোনয়নের বিভিন্ন ধাপেও টাকা খরচ করতে হচ্ছে। তৃণমূল পর্যায় থেকে শুরু করে মনোনয়নের পদে পদে টাকা নিয়ে দলই সেই প্রার্থীকে অনৈতিক কাজের দিকে ঠেলে দিচ্ছে। এখানেই শেষ নয়, নির্বাচনেও ওই প্রার্থীকে লাখ লাখ টাকা খরচ করতে হচ্ছে। এত টাকা খরচ করে নির্বাচিত হয়ে আসা একজন জনপ্রতিনিধি কীভাবে সৎ থাকতে পারবেন, এটাই প্রশ্ন।
প্রথম আলো: স্থানীয় সরকারে সৎ ও যোগ্য প্রার্থীদের অংশগ্রহণ বাড়াতে রাজনৈতিক দলগুলোর প্রতি আপনার আহ্বান কী?
মনতোষ কুমার দে: শুধু স্থানীয় সরকারে নয়; সব নির্বাচনেই সৎ ও যোগ্য প্রার্থীদের অংশগ্রহণ বাড়াতে হলে প্রথমে নির্বাচনে টাকার খেলাটা বন্ধ করতে হবে। রাজনৈতিক দলগুলো থেকে ভালো চিন্তার মানুষকে প্রার্থী করতে হবে। পাশাপাশি ভোটারদেরও সচেতন করতে হবে। আমি, আপনি, সব সচেতন মানুষকেই এ দায়িত্ব নিতে হবে। রাজনৈতিক দল ও ভোটাররা সচেতন হলেই সৎ ও যোগ্য প্রার্থীরা নির্বাচিত হয়ে আসবেন।