পদে ফিরতে শিক্ষকদের চিঠি
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করা শিক্ষকদের স্বপদে ফিরে দায়িত্ব পালনের জন্য চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি শিক্ষকদের কাছে পাঠানো হয়। রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ৩৭টি প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করা ৩৫ জন শিক্ষকের মধ্যে ২৮ জনকে চিঠি দিয়ে স্বপদে যোগদানের জন্য অনুরোধ জানানো হয়েছে।
সরকার-সমর্থক শিক্ষকদের একাংশ উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়ার বিরুদ্ধে ‘অসৌজন্যমূলক’ আচরণের অভিযোগ এনে গত ২০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ৩৭টি প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেন। পরে ২৩ জুন উপাচার্য সরকার-সমর্থক শিক্ষকদের অপর অংশ থেকে ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ, প্রক্টর ও চারজন সহকারী প্রক্টর নিয়োগ দেন।