পদের জন্য নেতারা ঢাকামুখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রে ছাত্রদলের নেতৃত্ব পরিবর্তনের পর চট্টগ্রাম মহানগরেও পরিবর্তনের বাতাস বইতে শুরু করেছে। মহানগরের নেতৃত্বে আসতে বেশির ভাগ নেতা এখন ঢাকামুখী। পদের জন্য তাঁরা নানা তদবির ও দৌড়ঝাঁপ শুরু করেছে বলে জানা গেছে।নগর ছাত্রদলের সভাপতি হতে ইচ্ছুক এইচ এম রাশেদ খান প্রথম আলোকে বলেন, ‘নয় বছর আগে আমাদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তাই দেরি না করে দ্রুত আমাদের কমিটি গঠন করা উচিত, যাতে সরকারবিরোধী আন্দোলন জোরদার হয়।’নাম প্রকাশ না করে ছাত্রদলের একাধিক নেতা প্রথম আলোকে বলেন, ‘নেতৃত্বে আসতে ইচ্ছুক বেশির ভাগ নেতা বিবাহিত এবং কয়েক সন্তানের জনক। আবার তাঁদের ছাত্রত্বও নেই। তাঁরাই ঢাকা গিয়ে নানা তদবির করে আসছেন। আমরা চাই অবিবাহিত ও ছাত্রদের মধ্য থেকে নেতা নির্বাচিত করা হোক।’ প্রসঙ্গত, কাউন্সিলরদের ভোটে ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্ধারণ হয় বলে গঠনতন্ত্রে উল্লেখ রয়েছে। ২৫ মাস আগে ২০১০ সালের ১১ আগস্ট চট্টগ্রাম নগর ছাত্রদলের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রদলের সদ্য বিদায়ী কেন্দ্রীয় নেতারা। এতে নগর ছাত্রদলের ১১৮ কাউন্সিলরের মধ্যে ১০৮ জন ভোটাভুটিতে অংশ নেন। তাঁরা নিজের নাম বাদ দিয়ে পছন্দের পাঁচজন নেতার নাম গোপন ব্যালটে উল্লেখ করেন। পরে এই ব্যালটগুলো কেন্দ্রীয় নেতারা ঢাকায় নিয়ে যান। কারা নেতৃত্বে আসবেন কিংবা কে সর্বোচ্চ ভোট পেয়েছেন তা ২৫ মাসেও প্রকাশ করা হয়নি।নগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও সাধারণ সম্পাদক হতে আগ্রহী কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ত্যাগী ও পরিশ্রমী নেতাদের নেতৃত্ব চাই আমরা। অশিক্ষিত এবং ব্যবসায়ীদের নেতৃত্বে আনা হবে আত্মঘাতী সিদ্ধান্ত।’ নগর ছাত্রদলের সভাপতি হতে ইচ্ছুক এক নেতা নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, চট্টগ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগ ও শিবিরের নিয়ন্ত্রণ বজায় রয়েছে। মেডিকেল কলেজের ছাত্রদলের এক কর্মীর খুনের ঘটনায় ছাত্রদল মামলা করতে পারিনি। সম্প্রতি অনুষ্ঠিত আইন কলেজ ছাত্র সংসদ নির্বাচনেও ছাত্রদল প্রার্থী দিতে পারেনি। এর অন্যতম কারণ হচ্ছে নিয়মিত সম্মেলন অনুষ্ঠিত না হওয়া।ছাত্রদল সূত্র জানায়, ২০০৩ সালের মার্চে অনুষ্ঠিত সম্মেলনের পর ৮১ সদস্যের নগর ছাত্রদলের কমিটি গঠন হয়। ওই কমিটির সভাপতি মোশাররফ হোসেনকে সম্প্রতি নগর যুবদলের সাধারণ সম্পাদক করা হয়েছে। আর ওই কমিটির সাধারণ সম্পাদক আহমেদুল আলম চৌধুরীকে নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক করার প্রস্তাব পাঠানো হয়েছে। তবে নগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি এখনো ঘোষণা হয়নি। সূত্র আরও জানায়, ২০০৩ সালের ঘোষিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল বাহার ক্রসফায়ারে এবং শফিকুল ইসলাম অভ্যন্তরীণ দ্বন্দ্বে প্রাণ হারান। বাকি ৭৯ জনের মধ্যে কেবল দুজন অবিবাহিত রয়েছেন বলে জানা গেছে।