পদোন্নতি নিয়ে ৪০ পুলিশ কর্মকর্তার ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ধরে সহকারী পুলিশ সুপারের (এএসপি) দায়িত্ব পালন করছেন ৪০ পুলিশ কর্মকর্তা (বিভাগীয় পুলিশ কর্মকর্তা)। নিয়মানুযায়ী অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পাওয়ার কথা, তবু পদোন্নতিবঞ্চিত থাকতে হচ্ছে তাঁদের। অথচ পুলিশ বাহিনীতে দুই শতাধিক অতিরিক্ত এসপির পদ শূন্য রয়েছে।
এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শকের কাছে একাধিকবার দৃষ্টি আকর্ষণও করেছেন তাঁরা। সবশেষ গত ২৭ ডিসেম্বর জ্যেষ্ঠ স্বরাষ্ট্রসচিবের কাছে বিষয়টি তুলে ধরেন। তবে আশ্বাস ছাড়া আর কিছু মেলেনি তাঁদের। কারণ ওই দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বিভাগীয় পুলিশ কর্মকর্তাদের পদোন্নতি-সম্পর্কিত বৈঠকে (ডিপিসি) এই বিষয়টি বিবেচনায় নেওয়া হয়নি।
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমান বলেন, পুলিশের পদোন্নতিতে কারও প্রতি অবিচার করা হবে না। নিয়ম নেমেই পদোন্নতি হবে।
জানা গেছে, পুলিশ বাহিনীতে ২১৪টি অতিরিক্ত এসপির পদ শূন্য রয়েছে। এসব পদে পদোন্নতির জন্য ২০১৫ সালের অক্টোবরে জ্যেষ্ঠ এএসপিদের মধ্য থেকে ২১০ জনের একটি তালিকা করে পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। তালিকা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নির্ধারিত তারিখে পদোন্নতি-সংক্রান্ত বৈঠক (ডিপিসি) অনুষ্ঠিত হয়নি। পরবর্তী সময়ে গত ২৭ ডিসেম্বর এ বিষয়ে ডিপিসি বৈঠকের জন্য ২১০ জন থেকে কমিয়ে ১৬৮ জনের সংক্ষিপ্ত তালিকা পাঠানো হয়। এই তালিকায় ৪২ জন এএসপি বাদ পড়েন।