চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পদোন্নতির ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো শিক্ষক সমিতির এক বিবৃতিতে এ অভিযোগ করা হয়। তবে এ অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
বিবৃতিতে বলা হয়, পদোন্নতির জন্য যোগ্যতা অর্জনকারী শিক্ষকদের আবেদনপত্র মাসের পর মাস ফেলে রাখা হচ্ছে। এটি প্রচলিত আইন, প্রাকৃতিক ন্যায়বিচার ও সাংবিধানিক অধিকারের বরখেলাপ।
অভিযোগের বিষয়ে উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, নিয়ম মেনেই পদোন্নতি দেওয়া হচ্ছে।
বিবৃতির বিষয়ে জানতে চাইলে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজী এস এম খসরুল আলম প্রথম আলোকে বলেন, ‘বেতনবৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আমরা শিক্ষকদের ন্যায্য অধিকার আদায় করেছি। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে জ্যেষ্ঠ শিক্ষকদের অবহেলা করে কনিষ্ঠদের পদোন্নতি দেওয়া হচ্ছে। আবার যাঁরা আগে আবেদন করেছেন তাঁদের পদোন্নতি না দিয়ে পরে আবেদনকারীদের পদোন্নতি দেওয়া হচ্ছে।’