জনপ্রশাসনে জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপেক্ষা করে কনিষ্ঠ কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। গতকাল মঙ্গলবার স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, নীতিমালার আলোকে দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে প্রশাসনে পদোন্নতি দেওয়া হয়ে থাকে।
প্রশ্নকর্তা রুস্তম আলী জানতে চান, এটা সত্য কি না, জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপেক্ষা করে কনিষ্ঠ কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়েছে? জবাবে মন্ত্রী বলেন, না। সাংসদ মামুনুর রশীদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, উপসচিব ও তদূর্ধ্ব পদে পরীক্ষার মাধ্যমে পদোন্নতি দেওয়ার জন্য পরীক্ষার প্রথা চালুর আপাতত কোনো পরিকল্পনা নেই। তিনি আরও জানান, উপসচিব ও তদূর্ধ্ব পদে পদোন্নতির জন্য বিদ্যমান ‘সরকারের উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা ২০০২’ সংশোধনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সরকারি দলের সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাসের প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রী বলেন, সরকার চুক্তিভিত্তিক নিয়োগকে নিরুৎসাহিত করে। তবে চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধ করার কোনো পরিকল্পনা আপাতত নেই।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বেলা ১১টায় সংসদের অধিবেশন শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।