পদোন্নতিতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের খুঁজে বের করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ঢাকা সেনানিবাসে সেনাসদর নির্বাচনী পর্ষদের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে সেনা কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন l ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ঢাকা সেনানিবাসে সেনাসদর নির্বাচনী পর্ষদের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে সেনা কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন l ছবি: ফোকাস বাংলা

সেনাবাহিনীতে পদোন্নতির ক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও দেশপ্রেমিক যোগ্য নেতৃত্ব খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আপনাদের সবকিছুর ঊর্ধ্বে থেকে নিরপেক্ষ দৃষ্টিতে বিচার-বিশ্লেষণ করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশপ্রেমিক যোগ্য নেতৃত্ব খুঁজে বের করতে হবে।’
ঢাকা সেনানিবাসে গতকাল রোববার সেনাসদর নির্বাচনী পর্ষদে দেওয়া বক্তৃতায় এ কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, যাঁরা সুশিক্ষিত, কর্মক্ষম, সচেতন, বুদ্ধিমান এবং সর্বোপরি গণতন্ত্রকে সুসংহত করার জন্য দৃঢ় প্রত্যয়ের অধিকারী—এমন যোগ্য কর্মকর্তাদের কাছে নেতৃত্ব ন্যস্ত করতে হবে।
সেনাবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির জন্য সাতটি বিষয় বিবেচনায় নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই সাতটি বিষয় হলো মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস, নেতৃত্ব, পেশাগত দক্ষতা, মাঠের তৎপরতা বিচার, শৃঙ্খলা, সততা-বিশ্বস্ততা এবং আনুগত্য, নিযুক্তিগত উপযোগিতা ও গ্রহণযোগ্যতা।
শেখ হাসিনা বলেন, একটি সুশৃঙ্খল এবং শক্তিশালী সেনাবাহিনী দেশের গণতন্ত্রকে সুসংহত করতে কার্যকর ভূমিকা রাখতে পারে। এ জন্য যোগ্য, দক্ষ, কর্মক্ষম এবং দেশপ্রেমিক কর্মকর্তাদের হাতে এর নেতৃত্ব ন্যস্ত করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, পদোন্নতির ক্ষেত্রে শৃঙ্খলার বিষয়টি অন্য কোনো গুণাবলির সঙ্গে তুলনীয় নয়। শৃঙ্খলার সঙ্গে কোনো প্রকার আপস অবশ্যই বর্জনীয়।
দেশে বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সেনাসদস্যদের ভূমিকা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁদের সেই কাজ জনগণের কাছে প্রশংসিত হয়েছে এবং বিশ্বব্যাপী সুনাম পেয়েছে। দেশের যেকোনো সংকটময় মুহূর্তে সেনাবাহিনী সর্বদা পেশাদারির পরিচয় দিয়েছে।
১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর সেখানে অভিযান চালিয়ে ১৩ জনকে জীবিত উদ্ধারের ঘটনাও এ সময় তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘দক্ষ পরিকল্পনায় মাত্র ১২ মিনিটের মধ্যে এ অভিযান সম্পন্ন করায় আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।’
দেশের বিভিন্ন স্থানে উড়ালসেতু এবং পদচারী-সেতু, সড়ক নির্মাণ ও সংস্কারের কাজ সেনাবাহিনীর মাধ্যমে ‘অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে’ সম্পন্ন হচ্ছে বলে প্রধানমন্ত্রী প্রশংসা করেন।
দেশের সাম্প্রতিক জঙ্গি হামলার প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী সন্তানদের সময় দেওয়ার পাশাপাশি তাদের কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর রাখতে সেনা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত পিছিয়ে পড়া শিশুদের পরিচালিত স্কুল ‘প্রয়াসের’ কর্মকাণ্ড সম্প্রসারণের ওপরও গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল এম মাহফুজুর রহমান ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।