পদোন্নতির বদলে সাময়িক বরখাস্ত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয়ের উথলী পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য হয় গত মাসে। নিয়ম অনুযায়ী নতুন করে নিয়োগ না হওয়া পর্যন্ত একজন জ্যেষ্ঠ সহকারী শিক্ষকের ওই দায়িত্ব পালন করার কথা। কিন্তু যাঁর দায়িত্ব পাওয়ার কথা তাঁকে বিদ্যালয় পরিচালনা পর্ষদ সাময়িক বরখাস্ত করেছে বলে অভিযোগ উঠেছে।
ওই নিয়মের ব্যত্যয় ঘটিয়ে এক কনিষ্ঠ সহকারী শিক্ষককে প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়েছে পরিচালনা পর্ষদ। বিষয়টি জানার পর জেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক হোসনে আরা গত ২১ অক্টোবর অবসরে যান। নিয়ম অনুযায়ী জ্যেষ্ঠ সহকারী শিক্ষক বেলা রানী ভৌমিকের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পাওয়ার কথা। কিন্তু পরিচালনা পর্ষদ ৩০ অক্টোবরের সভায় বেলা রানীকে দায়িত্ব না দিয়ে সাময়িক বরখাস্ত করা হয়। গত রোববার কনিষ্ঠ সহকারী শিক্ষক সিরাজুম মনিরকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয় পর্ষদ। কনিষ্ঠ শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়ায় বিদ্যালয়ের অন্য শিক্ষক ও অভিভাবক মহলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
পরিচালনা পর্ষদের সভাপতি ও শিবালয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাউছার মোল্লা জানান, বিদ্যালয় পরিচালনা পর্ষদ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অনুমতি ছাড়া দেশ ত্যাগ করার কারণে বেলা রানীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আর নিয়ম মেনেই সিরাজুম মনিরকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বেলা রানী ভৌমিক বলেন, ‘আমি গত রমজানের ছুটিতে বিদ্যালয় বন্ধ থাকা অবস্থায় ভারতে বেড়াতে গিয়েছিলাম। তাই ছুটি নেওয়ার কোনো প্রয়োজন ছিল না।’ স্বজনপ্রীতির কারণে জ্যেষ্ঠ শিক্ষকের পরিবর্তে কনিষ্ঠ শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার পথ পরিষ্কার করতে কাউছার মোল্লা তাঁকে অবৈধভাবে বরখাস্ত করেছেন।
জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, পরিচালনা পর্ষদের সভাপতিকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।