পদোন্নতি জট খুলছে দুদকে
দীর্ঘদিন ফাইলবন্দি থাকার পর অবশেষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অর্ধশতাধিক কর্মকর্তার পদোন্নতির বিষয়ে বৈঠক করেছে বিভাগীয় পদোন্নতি কমিটি (ডিপিসি)। পরিচালকের পাঁচটি শূন্য পদ ও উপপরিচালকের চারটি শূন্য পদের বিপরীতে একাধিক কর্মকর্তার নাম সুপারিশ করছে ডিপিসি।
আজ মঙ্গলবার দুদক কার্যালয়ে সংস্থার সচিব ও ডিপিসির সভাপতি আবু মো. মোস্তফা কামালের সভাপতিত্বে এ সভা হয়। সভায় মন্ত্রিপরিষদ বিভাগের প্রতিনিধি ছাড়া কমিটির চার সদস্য উপস্থিত ছিলেন। সভায় চার ক্যাটাগরির মধ্যে দুই ক্যাটাগরির পদের বিষয়ে আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বাকি দুটি ক্যাটাগরির বিষয়ে সিদ্ধান্ত নিতে কাল বুধবার সকাল ১০টা পর্যন্ত সভা মুলতবি করা হয়েছে।
দুদকের নির্ভরযোগ্য সূত্র জানায়, বৈঠকে পরিচালকের পাঁচটি পদে পদোন্নতির বিষয়ে আলোচনা হলেও কমিটি চারটি পদের বিষয়ে সুপারিশ করবে। একজন পরিচালক প্রেষণে জাতীয় সংসদ সচিবালয়ে দায়িত্বে থাকায় তাঁর পদটি ‘সংরক্ষিত’ থাকছে। চলতি মাসের শেষের দিকে তাঁর অবসরে যাওয়ার কথা। এরপর পদোন্নতি দেওয়া যেতে পারে—এমন সুপারিশ থাকছে পরিচালকের একটি পদের বিষয়ে। অন্যদিকে উপপরিচালকের শূন্য আটটি পদের চারটি ইতিমধ্যেই কোটায় পদোন্নতি প্রদানের মাধ্যমে পূরণ করা হয়েছে। বাকি চারটি পদের বিষয়ে সুপারিশ করবে ডিপিসি।
সূত্র মতে, চলতি বছরের ১০ মে ডিপিসির বৈঠকের পর সাবেক সচিব মাকসুদুল হাসান খানের সঙ্গে বিরোধ তৈরি হয় কমিশনের। সে বিরোধের জের ধরে পদোন্নতির বিষয়টি আটকে যায়। এ মতবিরোধের কারণে কমিশন শেষ পর্যন্ত ওই সচিবকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে পরদিনই ১১ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আধা সরকারি পত্র (ডিও লেটার) পাঠান দুদক চেয়ারম্যান বদিউজ্জামান। সচিব প্রত্যাহার চেয়ে পাঠানো চিঠিতে সচিবের বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিভেদ সৃষ্টি, কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন করা, কাজে উদাসীনতা, অনাগ্রহ, কোনো কোনো ক্ষেত্রে অবাধ্যতা ও কমিশনের কাজে বিঘ্ন সৃষ্টির অভিযোগ আনা হয়। কমিশনের ওই চিঠি পাওয়ার দীর্ঘদিন পর ১১ অক্টোবর মাকসুদুল হাসানকে বদলি করে আবু মো. মোস্তফা কামালকে দুদক সচিব নিয়োগ দেওয়া হয়। আর দীর্ঘ সময় ধরে দুদক কর্মকর্তাদের পদোন্নতির বিষয়টি ফাইলবন্দি ছিল।
দুদক সূত্র জানায়, বর্তমান ডিপিসি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কৌশলী ভূমিকা নিচ্ছে। তারা কমিশনের ‘অভিপ্রায়কে’ গুরুত্ব দিয়ে একটি পদের বিপরীতে একাধিক কর্মকর্তার নাম প্রস্তাব করছেন বলে জানায় সূত্রটি। এর মধ্য থেকে কমিশন পরিচালক পদে পাঁচজন এবং উপপরিচালক পদে চারজনকে পদোন্নতির জন্য মনোনীত করবে।
ডিপিসির বৈঠক দুদকের সচিব আবু মো. মোস্তফা কামাল বলেন, ‘আজ কিছু অগ্রগতি হয়েছে। তবে সুপারিশের সিদ্ধান্ত হয়নি। আরও দুটি ক্যাটাগরির পদ বাকি আছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে কাল সকাল ১০টা পর্যন্ত সভা মুলতবি করা হয়েছে।’
পাঁচ সদস্যের ডিপিসিতে দুদকের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার প্রতিনিধি, দুদক মহাপরিচালক (প্রশাসন), মহাপরিচালক (আইন), দুদক পরিচালক (সংস্থাপন) পদাধিকার বলে সদস্য। মঙ্গলবারের সভায় মন্ত্রিপরিষদ বিভাগের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। এতে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে সভায় কার্যক্রম চলে।