চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম ও জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা সাহানা পারভিনের মধ্যে তুমুল বাগিবতণ্ডা হয়। গতকাল সোমবার করপোরেশনের সাধারণ সভায় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা পদে পদোন্নতি নিয়ে তাঁদের মধ্যে এই বিতণ্ডা হয়।সভা সূত্র জানায়, জ্যেষ্ঠ চিকিৎসক সাহানা মেয়র মন্জুর কাছে জানতে চান, মন্ত্রণালয় সিদ্ধান্ত দেওয়ার তিন বছর পরও কেন তাঁকে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা পদে পদোন্নতি দেওয়া হচ্ছে না? মেয়র সরাসরি কোনো উত্তর না দিয়ে বলেন, প্রেষণে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আনার চিন্তা-ভাবনা করা হচ্ছে। মেয়র মন্জুর প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রধান স্বাস্থ্য কর্মকর্তার পদটি নিয়ে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত চাইব বলে ঠিক করেছি। প্রয়োজনে প্রেষণে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা পদে বাইরে থেকে কাউকে আনা হতে পারে।’স্বাস্থ্য কর্মকর্তা সাহানা পারভিন বলেন, ‘সিটি করপোরেশন আর স্থানীয় সরকার মন্ত্রণালয় যৌথভাবে আমাকে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে পদোন্নতির জন্য তিন বছর আগে সিদ্ধান্ত নেয়। কিন্তু নানা অজুহাতে ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে না। বিষয়টি আমি সাধারণ সভায় তুলে ধরে সমাধান চেয়েছি।’সিটি করপোরেশন সূত্র জানায়, ২০০৮ সালের ৬ অক্টোবর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি কমিটি চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতির একটি তালিকা তৈরি করে। ওই তালিকায় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা পদে জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা সাহানা পারভিনকে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সময় তৎকালীন মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী কারাগারে ছিলেন। ভারপ্রাপ্ত মেয়র ছিলেন বর্তমান মেয়র মন্জুর। কারাগার থেকে বেরিয়ে মহিউদ্দিন চৌধুরী ওই তালিকা বাস্তবায়ন করেননি। তবে মন্জুর মেয়র নির্বাচিত হয়ে দায়িত্ব নেওয়ার পর ওই তালিকা অনুসারে সব বিভাগে পদোন্নতি কার্যকর করেন। কিন্তু প্রধান স্বাস্থ্য কর্মকর্তা পদে কাউকে পদোন্নতি দেননি।জানা গেছে, বর্তমান ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা থাকায় তাঁকে ইতিপূর্বে পদোন্নতি দেয়নি সিটি করপোরেশন কিংবা স্থানীয় সরকার মন্ত্রণালয়। তা ছাড়া সেলিমের চেয়ে জ্যেষ্ঠ আরও ১৬ জন চিকিৎসক রয়েছেন সিটি করপোরেশনে। ২০০৬ সালের ৫ জানুয়ারি থেকে তিনি ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। জানা যায়, বর্তমান মেয়র দায়িত্ব নেওয়ার পর সিটি করপোরেশনের চিকিৎসকদের সঙ্গে প্রথম বৈঠকেও সেলিম আকতার চৌধুরীর বিরুদ্ধে চিকিৎসকেরা প্রকাশ্যে কথা বলেন। চিকিৎসক আবদুর রশিদ তাঁকে দুর্নীতিবাজ বলে অভিযোগ করেন। তখন সেলিম আকতার মেয়রকে অনুরোধ করেন, তাঁকে যেন অন্য কোথাও সম্মানজনক স্থানে বদলি করা হয়।