পদোন্নতি নীতিমালার দাবিতে কর্মচারীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদোন্নতি নীতিমালার দাবিতে গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা কর্মবিরতি, অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ করেছেন। দাবি পূরণ না হলে লাগাতার কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন কর্মচারী সমিতির নেতারা। গতকাল সকালে কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে জড়ো হন। তাঁরা সেখানে অবস্থান ধর্মঘট করে বিক্ষোভ করেন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির সভাপতি তারিকুল ইসলাম বলেন, ২০ বছরেও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পদোন্নতি নীতিমালা না থাকার কারণে দক্ষতা থাকা সত্ত্বেও কোনো কর্মকর্তা-কর্মচারী পদোন্নতি পাচ্ছেন না। কর্মচারীরা অভিযোগ করেন, বর্তমানে অনেক অদক্ষ ব্যক্তিকে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হচ্ছে। ১৫ বছর ধরে চাকরি করা অনেক জ্যেষ্ঠ কর্মচারীকে নতুন নিয়োগ পাওয়া ব্যক্তির অধীনে কাজ করতে হচ্ছে। তাঁরা অবিলম্বে পদোন্নতি নীতিমালা গ্রহণের দাবি জানান। এ ব্যাপারে বক্তব্য জানতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুর রশিদের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।