পদোন্নতি পাওয়া উপসচিবেরা আগের পদেই থাকবেন
উপসচিব পদে সদ্য পদোন্নতি পাওয়া ১৮২ কর্মকর্তার মধ্যে প্রায় সবাইকে আগের পদে রেখে পদায়ন করা হয়েছে। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক ১০টি আদেশের মাধ্যমে এ সিদ্ধান্ত নেয়। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, পর্যাপ্ত পদ না থাকার কারণেই পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের আগের পদে রাখা হচ্ছে। বর্তমানে উপসচিবের পদ আছে ৮৩০টি। কিন্তু নতুন পদোন্নতি পাওয়াসহ বর্তমানে উপসচিব আছেন এক হাজার ৭১৪ জন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, উপসচিব হওয়া ৪২ জন অতিরিক্ত জেলা প্রশাসককে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত যে জেলায় কর্মরত ছিলেন, সেই জেলায় স্ব স্ব কর্মস্থলে থাকবেন।স্থানীয় সরকার বিভাগের পদোন্নতি পাওয়া পাঁচ উপসচিবকে ওই বিভাগেই সংযুক্ত করা হয়েছে। এ রকমভাবে প্রায় সবাইকে আগের পদে রেখে পদায়নের ব্যবস্থা করা হয়েছে। গত বৃহস্পতিবার ১৮২ জনকে উপসচিব পদে পদোন্নতি দেয় সরকার। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে অধিকাংশই বিসিএস ১৭ ও ১৮তম ব্যাচের কর্মকর্তা।তবে এ পদোন্নতিতে যোগ্যতা থাকা সত্ত্বেও বেশ কিছু কর্মকর্তাকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।