পদোন্নতি পাওয়া ও বঞ্চিতদের তালিকা চায় সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগ্যতা সত্ত্বেও জনপ্রশাসনে যাঁরা পদোন্নতি বঞ্চিত হয়েছেন এবং যাঁরা পদোন্নতি পেয়েছেন, তাঁদের তালিকা সংসদীয় কমিটিতে উপস্থাপনের জন্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে সংশ্লিষ্ট সংসদীয় কমিটি। কমিটি রাজনৈতিকভাবে বিবেচনা না করে বঞ্চিত কর্মকর্তাদের তথ্য আলাদাভাবে পর্যালোচনার সুপারিশ করেছে।গতকাল রোববার সংসদ ভবনে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এই সুপারিশ করা হয়। কর্মকর্তাদের তথ্য পর্যালোচনার জন্য প্রয়োজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি করারও সুপারিশ করা হয়েছে। কমিটি সূত্র জানায়, কীসের ভিত্তিতে পদোন্নতি দেওয়া হয়েছে এবং পদোন্নতি না দেওয়ার কারণ মন্ত্রণালয়ের কাছে দুই বিষয়েই তথ্য চেয়েছে কমিটি। এ বিষয়ে কমিটির সদস্য আবু তালহা সাংবাদিকদের জানান, কমিটি পদোন্নতির ক্ষেত্রে শুধু যোগ্যতাকে বিবেচনায় নেওয়ার সুপারিশ করেছে। অনেক সময় পদোন্নতি দেওয়া না দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা কাজ করে। কমিটি মন্ত্রণালয়কে এ ধরনের বিবেচনা থেকে বিরত থাকার সুপারিশ করেছে।সম্প্রতি ১২৭ জন যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিব, ২৬৪ জন উপসচিবকে যুগ্ম সচিব এবং ২৫৮ জন সিনিয়র সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। কমিটির সভাপতি খন্দকার আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য এ বি এম গোলাম মোস্তফা, এম এ মান্নান, উবায়দুল মোকতাদির চৌধুরী ও আবু তালহা অংশ নেন। এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আবদুস সোবহান সিকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।