পদোন্নতি পেয়েই বদলি কাটছে না শিক্ষকসংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় সরকারি মহিলা কলেজে দীর্ঘ ১৬ বছরেও সহযোগী ও সহকারী অধ্যাপকের পদ সৃষ্টি করা হয়নি। ফলে প্রভাষক পদ থেকে পদোন্নতি পেয়ে শিক্ষকদের অন্যত্র বদলি হয়ে চলে যেতে হয়। এতে কলেজটিতে শিক্ষকসংকট লেগেই থাকে।এদিকে কলেজে শিক্ষকদের নতুন পদ সৃষ্টি, শূন্য পদ পূরণ ও স্নাতক (সম্মান) কোর্স চালুর দাবিতে গতকাল বৃহস্পতিবার শিক্ষার্থী ও অভিভাবকেরা শহরে মিছিল ও মানববন্ধন করেছেন। মিছিল শেষে শহরের শেরেবাংলা পার্কের পাশে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন পালিত হয়। মিছিল ও মানববন্ধনে কয়েক হাজার শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেন।সম্প্রতি কলেজের ১৭ জন শিক্ষকের পদোন্নতি হয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁরাও বদলি হয়ে চলে যাবেন। তখন বাকি ১৮ জন শিক্ষক দিয়ে আড়াই হাজার ছাত্রীকে পাঠদান করা কঠিন হয়ে পড়বে। এদিকে কলেজের রাষ্ট্রবিজ্ঞান ও হিসাববিজ্ঞান বিভাগে কোনো শিক্ষকই নেই।কলেজ সূত্রে জানা গেছে, ১৯৮৫ সালের ১ জুলাই ২ দশমিক ৫৪ একর জমির ওপর কলেজটি প্রতিষ্ঠিত হয়। ১৯৯৭ সালে জাতীয়করণ করা হয়। দীর্ঘদিনেও এ কলেজে সহযোগী ও সহকারী অধ্যাপকের পদ সৃষ্টি করা হয়নি। কলেজে ২২টি করে সহযোগী ও সহকারী অধ্যাপক এবং দুটি করে প্রভাষক ও প্রদর্শকের পদ সৃষ্টির আবেদন করা হয়েছে প্রায় দুই বছর আগে। বর্তমানে এ কলেজে উচ্চমাধ্যমিক ও স্নাতক শ্রেণীতে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী ২২টি বিষয়ে অধ্যয়ন করছে।নিয়মানুযায়ী প্রতি বিষয়ের বিপরীতে চারজন করে শিক্ষক থাকা প্রয়োজন। কিন্তু বর্তমানে কলেজটিতে ৫৪টি প্রভাষকের পদ থাকলেও কর্মরত আছেন ৩৫ জন। এঁদের মধ্যে গত ২০ ফেব্রুয়ারি একজন সহযোগী এবং ১৬ জন সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। সম্প্রতি যাঁরা পদোন্নতি পেয়েছেন তাঁরাও কিছুদিনের মধ্যে বদলি হয়ে গেলে কলেজটিতে মাত্র ১৮ জন শিক্ষক থাকবেন। তাঁদের দিয়ে আড়াই হাজার শিক্ষার্থীর পাঠদান প্রায় অসম্ভব বলে মনে করেন শিক্ষক-শিক্ষার্থীরা।কলেজের সহকারী অধ্যাপক এহতেশামুল হক জানান, পদোন্নতি পেয়ে ইংরেজি বিভাগের একজন শিক্ষক অন্যত্র বদলি নিয়ে চলে যাওয়ায় মাত্র একজন ইংরেজি প্রভাষককে আটটি শ্রেণী সামলাতে হচ্ছে।কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক হাসনুর রশিদ বলেন, ‘সহযোগী ও সহকারী অধ্যাপক পদ না থাকায় উচ্চপদে থেকে নিম্নপদের চাকরি করছি। পদোন্নতিপ্রাপ্ত অনেক শিক্ষক বদলি হয়ে অন্যত্র চলে যাচ্ছেন। আবার ১৭ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে তাঁদেরও অন্যত্র বদলি করা হবে।কলেজের উপাধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, উচ্চপদে থেকে নিম্নপদের দায়িত্ব পালন না করলে মাত্র ১৮ জন শিক্ষক নিয়ে আড়াই হাজার ছাত্রীকে পড়ানো অসম্ভব হয়ে পড়বে। পদ সৃষ্টি হলে শিক্ষকসংকট কেটে যাবে। এ ছাড়া কলেজে এ মুহূর্তে বিজ্ঞান ও একাডেমিক ভবন প্রয়োজন।