পদোন্নতি হচ্ছে না কর্মচারীদের লোকবল সংকটসহ নানা সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ডাক বিভাগের পূর্বাঞ্চলে দীর্ঘ আট বছর ধরে কর্মচারীদের পদোন্নতি হচ্ছে না। এ ছাড়া লোকবল সংকটসহ নানা সমস্যা রয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন মহলে জানানো হলেও কোনো প্রতিকার মিলছে না। এ ব্যাপারে পূর্বাঞ্চলের পোস্ট মাস্টার জেনারেল (পিএমজি) সৈয়দ আহমদ আলী প্রথম আলোকে বলেন, ‘এসব বিষয়ে অনেক আগেই মহাপরিচালকের দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাব অনুমোদন হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা করছি।’ডাক বিভাগ সূত্রে জানা যায়, বৃহত্তর চট্টগ্রাম ও সিলেট অঞ্চল নিয়ে পূর্বাঞ্চলীয় পোস্ট মাস্টার জেনারেলের কার্যালয় গঠিত। এর অধীনে একটি জিপিও (জেনারেল পোস্ট অফিস) ও ছয়টি ‘এ’ গ্রেড প্রধান ডাকঘর রয়েছে। এর মধ্যে রয়েছে চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিস, রাঙামাটি, বান্দরবান, নোয়াখালী, কুমিল্লা, মৌলভীবাজার ও সিলেট প্রধান ডাকঘর। অন্যদিকে পূর্বাঞ্চলে ১১টি ‘বি’ গ্রেড ডাকঘর রয়েছে। এগুলো পটিয়া, বন্দর, খাগড়াছড়ি, রামগড়, কক্সবাজার, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ ও হবিগঞ্জে অবস্থিত। এসব ডাকঘরে পোস্ট মাস্টারের দায়িত্ব পালন করেন একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী। অভিযোগ রয়েছে, সরকারি অন্যান্য দপ্তরের জেলা পর্যায়ে দায়িত্বরত কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা দেওয়া হলেও ‘বি’ গ্রেড ডাকঘরগুলোর পোস্ট মাস্টাররা এখনো তৃতীয় শ্রেণীর পদমর্যাদায় রয়েছেন। এ ব্যাপারে জানতে চাইলে পিএমজি সৈয়দ আহমদ আলী বলেন, ‘এদের পদোন্নতির বিষয়টি নিয়ে বিভিন্ন পর্যায়ে বহু তদবির হয়েছে। এর পরও মহাপরিচালকের কাছে আমরা প্রস্তাব রেখেছি।’ জানা গেছে, গত ২০০৪ সাল থেকে কর্মচারী পর্যায়ে পদোন্নতি বন্ধ রয়েছে। প্রশাসনের ওপরের স্তরের কর্মকর্তাদের পদোন্নতি হলেও এ ক্ষেত্রে ব্যতিক্রম কেবল কর্মচারীদের বেলায়। এ রকমই অভিযোগ করেন পিএমজি অফিস তৃতীয় শ্রেণীর কর্মচারী ইউনিয়নের যুগ্ম সম্পাদক সুষম কুমার বড়ুয়া। তিনি জানান, দীর্ঘদিন ধরে পদোন্নতি বন্ধ থাকায় কর্মচারীরা হতাশ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে কাজের প্রতিও একধরনের অনীহা তৈরি হয়েছে।পিএমজি পূর্বাঞ্চলীয় কার্যালয়ের উচ্চমান সহকারীদের অভিযোগ, তাঁরা তৃতীয় শ্রেণীতেই রয়ে গেছেন দীর্ঘদিন। আবার পদোন্নতি হলেও বেতনকাঠামোর কোনো পরিবর্তন হয়নি। এ ব্যাপারে প্রধান সহকারী জেনারেল জামাল আহমদ চৌধুরী বলেন, ‘২০১০ সালে ব্যবস্থাপক হিসেবে এবং গত বছর প্রধান সহকারী জেনারেল পদে উন্নীত হলেও এখনো আমার বেতনকাঠামো পরিবর্তন হয়নি।’ জানা যায়, উচ্চমান সহকারীরা দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হওয়ার জন্য গত ২০০৮ সালে উচ্চ আদালতে মামলা করেন। কারণ, সচিবালয়ে কর্মরত একই পদের কর্মকর্তারা দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদার বলে দাবি করেন। মামলায় তাঁরা জয় পেলেও ২০১০ সালে সরকারের পক্ষ থেকে আপিল করায় তা আবার স্থগিত হয়ে যায়। জানা যায়, পূর্বাঞ্চলের সহকারী পোস্ট মাস্টার জেনারেলের পাঁচটি পদই খালি। প্রকৌশল শাখায় সাতজন কর্মকর্তার জায়গায় বর্তমানে মাত্র একজন উপসহকারী প্রকৌশলী দিয়ে কাজ চালাতে হচ্ছে। এখানে একজন নির্বাহী প্রকৌশলী, একজন সহকারী প্রকৌশলী ও পাঁচজন উপসহকারী প্রকৌশলী থাকার কথা। এ ছাড়া তৃতীয় শ্রেণীর তিন হাজার ১২৬ জনের মধ্যে দুই হাজার ৪৩১ জন এবং চতুর্থ শ্রেণীর এক হাজার ৬২ জনের মধ্যে ৯৭১ জন কর্মরত আছেন।