মাঠপর্যায়ে সাফল্য ও প্রশিক্ষণ দক্ষতাই সেনাবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানদণ্ড হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ভবিষ্যতে জাতির উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা চিন্তা করে এবং গণতন্ত্রকে সুসংহতকরণে দক্ষ এমন দেশপ্রেমিক কর্মকর্তাদের হাতে সেনাবাহিনীর নেতৃত্ব থাকা উচিত।
প্রধানমন্ত্রী গতকাল রোববার ঢাকা সেনানিবাসের সেনা সদর দপ্তরে আর্মি সিলেকশন বোর্ডের বৈঠকে এসব কথা বলেন।
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি আশা করি, জাতির উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণ উত্তরোত্তর বৃদ্ধি পাবে। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রযাত্রায় তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। কাজেই এ কথা মাথায় রেখেই ভবিষ্যতে দক্ষ এবং দেশপ্রেমিক কর্মকর্তাদের কাছে নেতৃত্বের দায়িত্ব অর্পণ করা উচিত।’
শেখ হাসিনা বলেন, সেনা কর্মকর্তাদের নেতৃত্ব গ্রহণে চারটি বিশেষ গুণ থাকতে হবে। সেগুলো হচ্ছে প্রথমত, মুক্তিযুদ্ধের চেতনার ওপর দৃঢ় আস্থা ও বিশ্বাস থাকতে হবে। দ্বিতীয়ত, সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। দেশ ও সমাজের সেবার মানসিকতা এবং উন্নত নৈতিক চরিত্রের অধিকারী হতে হবে। তৃতীয়ত, মাঠপর্যায়ের সাফল্য থাকতে হবে। চতুর্থত, অবশ্যই নেতৃত্বের যোগ্যতা, পেশাগত দক্ষতা, নিয়মানুবর্তিতা, সততা ও নেতৃত্বের প্রতি আনুগত্য থাকতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, একটি গণতান্ত্রিক দেশে সেনাবাহিনীর ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুষম করতে তারা গুরুত্বপূর্ণ সহযোগীর ভূমিকা পালন করতে পারে। কাজেই সেনাবাহিনীতে তাঁদের কাছেই নেতৃত্বের দায়িত্ব অর্পণ করা উচিত, যাঁরা সুশিক্ষায় শিক্ষিত, প্রতিযোগিতায় দক্ষ, মেধাবী ও সর্বোপরি গণতন্ত্রের প্রতি পুরোপুরি শ্রদ্ধাশীল।
কর্মকর্তাদের পদোন্নতির জন্য সিলেকশন বোর্ডকে যোগ্যতার এই মাপকাঠি বিবেচনায় আনার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি পদোন্নতির জন্য সেনা কর্মকর্তা নির্বাচনে ট্রেস (টিআরএসিই-টেবুলেটেড রেকর্ড অ্যান্ড কম্পারেটিভ ইভাল্যুয়েশন) পদ্ধতির অন্তর্ভুক্তিতে সন্তোষ প্রকাশ করেন।
বৈঠকে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, মুখ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, প্রতিরক্ষাসচিব আখতার হোসেন ভূঁইয়া এবং প্রেস সচিব ইহসানুল করিম উপস্থিত ছিলেন।
রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসনের আহ্বান
বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে চাপ দেওয়ার জন্য ইউএনএইচসিআরসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সন্ধ্যায় শেখ হাসিনার সঙ্গে তাঁর জাতীয় সংসদ ভবনের কার্যালয়ে সফররত জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডির সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেন, শুধু মিয়ানমারের শরণার্থীদের তাদের মাতৃভূমিতে ‘টেকসই প্রত্যাবর্তন’-এর মাধ্যমে দীর্ঘদিনের শরণার্থী সমস্যার সমাধান করা সম্ভব।
ফিলিপ্পো গ্র্যান্ডি শরণার্থী সমস্যা সমাধানে বাংলাদেশকে সম্ভাব্য সহায়তার আশ্বাস দেন।